Bridge Collapsed in UP

প্রবল ঝড়ে উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু! চাপা পড়ে মৃত ৬ শ্রমিক, আটকে কয়েক জন

জানা গিয়েছে, বেতোয়া নদীর উপর ওই সেতু নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা প্রবল ঝড় শুরু হয়। সেই ঝড়ের তান্ডব এবং ভারী বৃষ্টির জেরে সেতুর একাংশ ভেঙে পড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৯:৪২
উত্তরপ্রদেশে বেতোয়া নদীর উপরে ভেঙে পড়া সেই সেতু। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশে বেতোয়া নদীর উপরে ভেঙে পড়া সেই সেতু। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের হামিরপুরে ঝড়ের তাণ্ডবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। এই ঘটনায় সেতুর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আটকে রয়েছেন আরও কয়েক জন শ্রমিক। তাঁদের উদ্ধারের কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

Advertisement

জানা গিয়েছে, বেতোয়া নদীর উপর ওই সেতু নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা প্রবল ঝড় শুরু হয়। সেই ঝড়ের তাণ্ডব এবং ভারী বৃষ্টির জেরে সেতুর একাংশ ভেঙে পড়ে। আর তার নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক। স্থানীয় বাসিন্দারা প্রাথমিক উদ্ধারকাজ শুরু করলেও ধ্বংসস্তূপ সরানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল আসে। জেলা প্রশাসনের আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছে যান। উদ্ধারকাজে ডাকা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দকুমার বর্মা বলেন, ‘‘রাত ২টোর সময় এই দুর্ঘটনা ঘটেছে। সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়ে। তার নীচে কয়েক জন শ্রমিক চাপা পড়ে যান। উদ্ধারকাজ চলছে। ছ’টি দেহ উদ্ধার হয়েছে। পাঁচ জনকে শনাক্ত করা গিয়েছে। তিন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে খবর, অনেক দিন ধরেই এই সেতু নির্মাণের কাজ চলছে। মোরাকান্দার পারসানির সঙ্গে নৈথি গ্রামের সংযোগ স্থাপনের জন্য এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আহতদের যাতে চিকিৎসায় কোনও রকম অসুবিধা না হয়, তার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন