সীমা চৌধরী। ছবি: সংগৃহীত।
সই জাল করে জমি বিক্রির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক সরকারি কর্তার বিরুদ্ধে। আর অভিযোগকারিণী ওই সরকারি কর্তার মা। ঘটনাটি উত্তরপ্রদেশের সহারনপুরের। পুলিশ জানিয়েছে, সহারনপুরের সরসওয়া থানায় সরকারি কর্তা সীমা চৌধরীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন মুনেশ রানি।
পুলিশ সূত্রে খবর, সরসওয়া থানার অন্তর্গত একটি গ্রামে থাকেন মুনেশ। অভিযোগ, তাঁর সই জাল করে ভুয়ো নথি বানিয়ে জমি বিক্রি করে দিয়েছেন তাঁর কন্যা। পরে তিনি জানতে পারেন জমি হাতছাড়া হয়ে গিয়েছে। কোনও রকম নথিতে সই না করার পরেও কী ভাবে জমি হস্তান্তর হয়ে গেল? এই প্রশ্ন যখন তাঁর মনে ঘুরপাক খাচ্ছিল, তখনই জানতে পারেন, জমি বিক্রি করেছেন তাঁর কন্যা সীমা। তার পর এক মুহূর্ত দেরি না করে কন্যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন মুনেশ।
পুলিশ জানিয়েছে, সীমা ডিস্ট্রিক্ট সাপ্লাই অফিসার (ডিএসও)। বর্তমানে হাপুরে কর্মরত। অভিযোগ, সীমা তাঁর মায়ের নামে গোপনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। আর সেই অ্যাকাউন্টে দুর্নীতির টাকা গচ্ছিত রাখেন। আয়বহির্ভূত সম্পত্তিরও অভিযোগ উঠেছে সীমার নামে। মুনেশের অভিযোগ পেয়ে সরসওয়া থানা সীমার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সইয়ের ফরেনসিক পরীক্ষা করানো হবে। খতিয়ে দেখা হবে সীমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোথায় কত টাকা লেনদেন হয়েছে, তা-ও জানার চেষ্টা চলছে।