Delhi Man Died

‘ভাই, এটা কী করলি’? বুকে তাক করা পিস্তল, মুচকি হাসি ক্যামেরার দিকে তাকিয়ে, আচমকাই ট্রিগারে হাত পড়তে বুক ফুঁড়ে দিল গুলি

পুলিশ জানিয়েছে, মৃতের নাম পবন। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নিউ অশোক নগরের। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পিস্তলটি পবনের বন্ধুর। সেটি লাইসেন্সপ্রাপ্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১১:৩১
পিস্তল নিয়ে রিল বানাতে গিয়ে মৃত্যু দিল্লির যুবক পবনের। ছবি: সংগৃহীত।

পিস্তল নিয়ে রিল বানাতে গিয়ে মৃত্যু দিল্লির যুবক পবনের। ছবি: সংগৃহীত।

লাল ফুলহাতা টি-শার্ট। কালো ট্রাউজ়ার। হাতে ধরা গুলিভর্তি পিস্তল। ডান হাতে ধরা সেই পিস্তল বুকের বাঁ দিকে তাক করে রেখেছেন। ওই অবস্থাতেই ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে রিল বানাচ্ছিলেন পূর্ব দিল্লির এক যুবক। ভিডিয়ো করছিলেন তাঁরই এক বন্ধু।

Advertisement

যে বন্ধু ভিডিয়ো বানাচ্ছিলেন তিনি বলে দিচ্ছিলেন কী ভাবে পিস্তলের ম্যাগাজ়িনে গুলি ভরতে হবে। কী ভাবে গুলিভর্তি সেই ম্যাগাজ়িন পিস্তলে ভরতে হবে। সেই মতো ওই যুবক পিস্তল হাতে নিয়েছিলেন। ম্যাগাজ়িনে গুলি ভরেন। তার পর নিজের বুকের বাঁ দিকে তাক করে ধরলেন। যে বন্ধুটি তাঁকে পরামর্শ দিচ্ছিলেন, রিল বানানোর সময় ওই যুবককে সাবধান করে দিয়ে বলেন, ‘‘ভাই, চালিয়ে দিস না কিন্তু।’’ এই সতর্কবার্তা শেষ হতে না হতেই আচমকা ট্রিগারে হাত পড়তেই যুবকের বুক ফুঁড়ে দিল গুলি।

মাটিতে লুটিয়ে পড়লেন। বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। এই দৃশ্য দেখে ওই যুবকের বন্ধু চিৎকার করে উঠে বলতে শুরু করেন, ‘‘এটা তুই কী করলি ভাই?’’ জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। কখনও পিস্তল পরীক্ষা, কখনও ম্যাগাজ়িন ভরছেন, কখনও আবার ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন— দুর্ঘটনার আগে যুবকের এ রকম বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে ( যদিও সেই সব ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

পুলিশ জানিয়েছে, মৃতের নাম পবন। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নিউ অশোক নগরের। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পিস্তলটি পবনের বন্ধুর। সেটি লাইসেন্সপ্রাপ্ত। পবনের বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন