3 Steamed Food

চায়ের সঙ্গে পকোড়ার জুটি দারুণ, তবে স্বাদ বদলে থাক ভিন রাজ্যের ৩ ভাপা খাবার

সন্ধ্যাবেলা পকোড়া, তেলেভাজা খাওয়া হয়। স্বাদ বদলে থাক ভিন রাজ্যের তিন ভাপা খাবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২১:০০
বর্ষার সান্ধ্য আড্ডায় থাক ভাপা খাবার।

বর্ষার সান্ধ্য আড্ডায় থাক ভাপা খাবার। ছবি:সংগৃহীত।

চা বা কফির সঙ্গে নিরামিষ, আমিষ পকোড়া খাওয়ার চল রয়েছে ভারতের নানা প্রান্তেই। পশ্চিমবঙ্গে জনপ্রিয় আলুর চপ, বেগুনি। আবার দক্ষিণ ভারতে খাওয়া হয় লঙ্কার বড়া। তবে চা-পকোড়া নয়, বৃষ্টিভেজা সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে হলে বেছে নিতে পারেন তিন রাজ্যের তিন খাবার।

Advertisement

মুঠিয়া

গুজরাতি মুঠিয়া ভাপানো খাবার।

গুজরাতি মুঠিয়া ভাপানো খাবার। ছবি:সংগৃহীত।

গুজরাতের ভাপা খাবার এটি। লাউ দিয়েও এটি বানানো হয়, মেথিপাতা দিয়েও হয়। লাউ সবসময়েই মেলে। লাউ গ্রেটারে গ্রেট করে নিন বা মিহি করে কুচিয়ে নিন। একটি পাত্রে আটা, বেসন, ধনে-জিরে গুঁড়ো, কাঁচালঙ্কা, ধনেপাতা, নুন, চিনি, হলুদ, মিশিয়ে নিন। লাউ দিয়ে ভাল করে মাখুন। যোগ করুন খাবার সোডা এবং পাতিলেবুর রস। লাউ থেকে জল বার হয়। ফলে ভাল করে মাখলে বাড়তি জলের দরকার হবে না। মিশ্রণটি মুঠোর মতো করে ফুটন্ত জলের উপর ছিদ্রযু্ক্ত থালায় রেখে মোমোর কায়দায় ভাপিয়ে নিন। ভাপানো মুঠিয়া ছুরি দিয়ে আড়াআড়ি কেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে সর্ষে, সাদা তিল, কারিপাতা, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে মুঠিয়া নাড়াচাড়া করে নিন। চায়ের সঙ্গে বা চা ছাড়া দারুণ লাগবে।


সিড্ডু

সিড্ডুও বানিয়ে ফেলতে পারেন। খুব কঠিন নয়।

সিড্ডুও বানিয়ে ফেলতে পারেন। খুব কঠিন নয়। ছবি:সংগৃহীত।

হিমাচল প্রদেশের জনপ্রিয় খাবার সিড্ডু। এর ভিতরে থাকে বাদামের চাটনি বা পুর। আখরোট, পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে চাটনি বানিয়ে নিন।

একটি পাত্রে হালকা গরম জলে একটু চিনি দিয়ে ঈস্টে ভিজিয়ে রাখুন মিনিট ৫-১০। তা দিয়ে ময়দা মেখে নিন। যোগ করুন স্বাদমতো নুন এবং ময়ানের জন্য তেল। ময়দা মাখা হবে একটু নরম। ২ ঘণ্টা সেটি কাপড় দিয়ে ঢেকে রাখুন। তারপরে লেচি কেটে রুটির মতো বেলে পুর দিয়ে আড়াআড়ি মুড়ে প্রান্তগুলি কায়দা করে ভাঁজ করে নিন। সিড্ডু ভাপিয়ে নিতে হবে। ফুটন্ত জলে ছিদ্রযুক্ত থালায় তেল মাখিয়ে সিড্ডু দিয়ে ঢেকে দিন। ভাপেই রান্না হবে।

বরা চাউলর জলপান

বরা চাউলর জলপান, অসমিয়া খাবার।

বরা চাউলর জলপান, অসমিয়া খাবার। ছবি:সংগৃহীত।

এটি অসমের খাবার। চাল দিয়ে রান্না হয় এটি। চাল ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে নিন। কৌটোয় ঘি মাখিয়ে চাল এবং সামান্য জল দিন। যতটা চাল ততটা জল। কড়াইয়ে জল দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে কৌটো রেখে দিন। ঢাকা দিয়ে চাল সেদ্ধ হতে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে সেটি নামিয়ে রাখুন। এবার কড়াইয়ে সুজি হালকা ভেজে ঘন দুধে ফুটিয়ে নিন। যোগ করুন স্বাদমতো চিনি। চালের উপর পাতলা সুজির মিশ্রণ দিয়ে উপর থেকে বাদাম ছড়িয়ে দিন।

Advertisement
আরও পড়ুন