ICC T20 World Cup 2028

দ্বিতীয় বার আন্তর্জাতিক ক্রিকেটে ‘অভিষেক’ হচ্ছে কেকেআরের প্রাক্তন ক্রিকেটারের! খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের হয়ে

অস্ট্রেলিয়া দলে মইজেস হেনরিকেসের প্রাক্তন সতীর্থ জো বার্নস গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইটালির হয়ে খেলেছেন। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত আইপিএল খেলেছেন হেনরিকেস। কেকেআর-সহ পাঁচটি দলের হয়ে খেলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২১:১৭
Picture of Cricket

মইজেস হেনরিকেস। ছবি: এক্স।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার মইজেস হেনরিকেস আর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান না। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা ক্রিকেটার নিজের জন্মভূমি পর্তুগালের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। একটি বিশেষ লক্ষ্য রয়েছে তাঁর।

Advertisement

২০২৮ সালের টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের ক্রিকেট কর্তারা ভূমিপুত্রদের ফেরাতে চাইছেন। হেনরিকেসের জন্ম পর্তুগালে। ছোট বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানেই তাঁর ক্রিকেট শেখা। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট ১৬টি এক দিনের ম্যাচ এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৯ বছরের ক্রিকেটার। জন্মসূত্রে তিনি পর্তুগালের হয়ে খেলার যোগ্য। আগামী অগস্টেই পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে চলেছে হেনরিকেসের।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান সাব রিজিওনাল যোগ্যতা অর্জন পর্বে খেলছে পর্তুগাল। ফিনল্যান্ডের মাটিতে তাদের আয়োজক দেশ ছাড়াও খেলতে হবে চেকিয়া, জার্মানি, গ্রিস এবং ইজ়রায়েলের সঙ্গে। পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে হেনরিকেস বলেছেন, ‘‘গোটা বিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পর্তুগাল আমাদের দেশ। নিজের দেশের হয়ে খেলার সুযোগ তো আছেই। তা ছাড়া ক্রিকেটের বিশ্বব্যাপী বিকাশের অংশ হতে পারব।’’ তিনি আরও বলেছেন, ‘‘আরও ১০ বা ২০টি দেশকে উপযুক্ত করে তুলতে পারলে ক্রিকেট বিশ্বকাপ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এখনও পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ভারতীয় উপমহাদেশে এবং কয়েকটি পশ্চিমী দেশেই সীমাবদ্ধ।’’

২০২১ সালের অগস্টে বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন হেনরিকেস। অস্ট্রেলিয়ার হয়ে সেটাই তাঁর শেষ ম্যাচ। অস্ট্রেলিয়া দলে হেনরিকেসের প্রাক্তন সতীর্থ জো বার্নস গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইটালির হয়ে খেলেছেন। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত আইপিএল খেলেছেন হেনরিকেস। কেকেআর ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন তিনি। আইপিএলে ৬২টি ম্যাচে ১২৮৯ রান রয়েছে তাঁর।

Advertisement
আরও পড়ুন