Iced Teas

গরমে প্রাণ জুড়োবে ফলের রসের বরফ চা, বানানোর গুণে হবে পুষ্টিকরও, রইল কিছু প্রণালী

গরমে নরম পানীয় বা বাজারচলতি প্যাকেটজাত ফলের রস নয়, চুমুক দিতে পারেন ‘আইসড টি’-তে। বানানো যায় নানা পদ্ধতিতে। তৈরির গুণেই এটি হবে পুষ্টিকর। কাজ করবে ডিটক্স পানীয়ের মতোই। রইল আইসড টি তৈরির কিছু সহজ প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৫:৪৩
Beat the summer heat with homemade iced teas

অতিথিরা এলে বানিয়ে দিন বরফ চা, রইল নানা স্বাদের কিছু রেসিপি। ছবি: ফ্রিপিক।

গরমের দিনে কেনা শরবত বা নরম পানীয় নয়, প্রাণ জুড়োবে এক চুমুক আইসড টি-তেই। চা ছাড়া দিন শুরু হয় না যাঁদের, তাঁরা এই গরমে গরম চায়ের বদলে বরফ চায়ে চুমুক দিয়ে দেখতেই পরেন। ক্লান্তি দূর হবে এক নিমেষে। আবার বানানোর পদ্ধতিতে তা পুষ্টিকরও হবে। কাজ করবে ডিটক্স পানীয়ের মতোই। গরমের সময়ে শরীর জলশূন্য হয়ে পড়ে খুব তাড়াতাড়ি। বরফ চা সঠিক পদ্ধতিতে বানিয়ে খেলে, এই সমস্যা হবে না। যদি নরম পানীয় খাওয়ারই ইচ্ছা জাগে, তা হলে সবচেয়ে ভাল বিকল্প হচ্ছে বাড়িতে তৈরি ‘আইসড টি’। ভেষজ চা দিয়েও বানাতে পারেন, আবার নানা রকম ফল দিয়েও বানানো যায়। তাতে বরফকুচি দিয়ে ফ্রিজে রেখে দিলেই খাসা পানীয় তৈরি হয়ে যায়। ফলের ফাইবার ও ভেষজ চায়ে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরে শক্তিও জোগাবে।

Advertisement

বরফ চা তৈরির কিছু প্রণালী

তরমুজ ও পুদিনার আইসড টি

১ কাপ তরমুজের টুকরো, ১০-১২টি পুদিনা পাতা, এক কাপ লিকার চা বা গ্রিন টি-ও নিতে পারেন। প্রথমে ব্লেন্ডারে তরমুজের টুকরো ও পুদিনা পাতা ভাল করে ব্লেন্ড করে ছেঁকে রস বার করে নিন। এ বার একটি গ্লাসে বরফ কুচি দিন। তার উপর তরমুজ-পুদিনার রস, ঠান্ডা করে নেওয়া লিকার চা, লেবুর রস এবং মধু ঢেলে তা চামচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপরে কিছু পুদিনা পাতা ও গোল করে কাটা লেবুর টুকরো সাজিয়ে পরিবেশন করুন।

আম পোড়া বরফ চা

আম পান্না তো খেয়েই থাকেন। এই পদ্ধতিতে বরফ চা খেয়ে দেখতে পারেন। একটি গোটা কাঁচা পুড়িয়ে খোসা ছাড়িয়ে শাঁস বার করে নিন। এ বার তার সঙ্গে চিনি বা মধু, সৈন্ধব লবণ, ভাজা জিরেগুঁড়ো ও অল্প জল দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। গ্লাসে প্রথমে আমের মিশ্রণটি দিন, তার উপরে বরফকুচি ঢালুন এবং সব শেষে পছন্দের লিকার বা ভেষজ চা ঢেলে পরিবেশন করুন।

ফল দিয়ে নান স্বাদের বরফ চা তৈরি করা যায়।

ফল দিয়ে নান স্বাদের বরফ চা তৈরি করা যায়। ছবি: ফ্রিপিক।

জামরুল ও গোলাপের আইসড টি

বাজারে টাটকা জামরুল পাওয়া যাচ্ছে এখন। তা দিয়েই বরফ চা বানাতে পারেন। পদ্ধতি সহজ, উপকরণও লাগবে সামান্যই। ৪-৫টি সাদা বা লাল জামরুল নিতে হবে। এক চামচের মতো লাগবে গোলাপজল। এর সঙ্গে চিনি বা মধু মেশাতে পারেন। জামরুলগুলি ভাল করে ধুয়ে বীজ ফেলে টুকরো করে সামান্য জল ও চিনি বা মধু দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। গ্লাসে বরফ দিয়ে জামরুলের রস, ঠান্ডা করে নেওয়া লিকার চা এবং গোলাপ জল মেশান। এই পানীয় পুষ্টিকর ও নরম পানীয়ের স্বাস্থ্যকর বিকল্প।

Advertisement
আরও পড়ুন