Supplements of Hair

উঠতি বয়সে চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে? ৫টি সাপ্লিমেন্টের অভাব হচ্ছে না তো শরীরে? সতর্ক হোন দ্রুত

সময় মতো পদক্ষেপ করলে চুল ঝরে পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পেলে চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে। তাই চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে সঠিক সাপ্লিমেন্টের প্রয়োজন হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:১২
চুলের জন্য কোন কোন পুষ্টি উপাদান অপরিহার্য?

চুলের জন্য কোন কোন পুষ্টি উপাদান অপরিহার্য? ছবি: সংগৃহীত।

পরিবেশ দূষণ থেকে শুরু করে হরমোনের ওঠানামার কারণে উঠতি বয়সেও চুল পড়ার সমস্যায় নাজেহাল হয়ে পড়েন অনেকে। তবে তা নিয়ে আতঙ্কে ভোগার দরকার নেই। সময় মতো পদক্ষেপ করলে চুল ঝরে পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পেলে চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে। তাই চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে সঠিক সাপ্লিমেন্টের প্রয়োজন হয়। এমনই ৫টি সাপ্লিমেন্টের উল্লেখ করা হল—

Advertisement

আয়রন: কম বয়সে চুল পাতলা হয়ে যাওয়ার নেপথ্যে আয়রনের ঘাটতি বড় ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকা কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয় আর আয়রন সেই কাজে সাহায্য করে। ফলে শরীরে আয়রন কমে গেলে কোষে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এই ঘাটতি তৈরি হয় চুলের ফলিকলেও। অক্সিজেনের পরিমাণ কমে গেলে চুল গজানোর কাজও ব্যাহত হয়। ফলে সব মিলিয়ে আয়রনের প্রয়োজনীয়তা অঢেল।

চুলের জন্য কোন পুষ্টি উপাদান প্রয়োজন?

চুলের জন্য কোন পুষ্টি উপাদান প্রয়োজন? ছবি: সংগৃহীত

বায়োটিন (ভিটামিন বি ৭): চুলের প্রধান প্রোটিন উপাদান, কেরাটিন উৎপাদনে সাহায্য করে বায়োটিন বা ভিটামিন বি ৭। ফলে চুল গজানো ও মজবুত করার জন্য এই পুষ্টি উপাদান অপরিহার্য। কেরাটিন চুলের ফলিকল উন্নত করে, চুল পড়া কমায়, চুল ঘন ও উজ্জ্বল করে এবং চুলের গোড়া মজবুত করে। তাই বায়োটিনের অভাব চুলের ক্ষতি করতে পারে।

ভিটামিন ডি: ভিটামিন ডি-র কাজ কেবল হাড়ের স্বাস্থ্য উন্নত করা নয়। চুলের নতুন ফলিকল তৈরিতেও অবদান রয়েছে এই ভিটামিনের। শরীরে এই পুষ্টি উপাদানের মাত্রা কমে গেলে অ্যালোপেসিয়া বা চুল পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যেতে পারে। চুলের ফলিকলগুলিকে সক্রিয় রাখতে তাই ভিটামিন ডি-র প্রয়োজনীয়তা রয়েছে।

জ়িঙ্ক: চুলের স্বাস্থ্যরক্ষায় বড় অবদান রয়েছে জ়িঙ্কের। চুলের টিস্যুর স্বাস্থ্য থেকে তেলগ্রন্থির সুরক্ষার জন্য কার্যকরী এই পুষ্টি উপাদান। শরীরে জ়িঙ্কের পরিমাণ কমে গেলে চুল ঝরা শুরু হতে পারে, পাতলা হয়ে যেতে পারে। এমনকি মাথার ত্বকও শুষ্ক হয়ে যেতে পারে।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড: ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড চুলের গোড়ায় পুষ্টি জোগায়। মাথার ত্বকের প্রদাহ কমিয়ে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে পারে। ফলে চুল পড়া কমে যাওয়ার নেপথ্যে এই উপাদানের অবদান থাকে। চুলের শুষ্কতা ও খুশকির সমস্যাও কমে যেতে পারে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের দৌলতে। মাথার ত্বকের স্বাস্থ্যরক্ষাতেও প্রয়োজন এই উপাদান।

Advertisement
আরও পড়ুন