Alia’s Cannes 2026 look

গেরুয়া বার্বি থেকে টিপ, নথ, নূপুরে ‘ভিক্টোরিয়ান’ গঙ্গুবাঈ! সাজে কান মাতিয়ে দিলেন আলিয়া ভট্ট

সকালের গেরুয়া বার্বি আলিয়া দুপুরে সেজেছেন গঙ্গুবাঈ, তবে ইউরোপের ভিক্টোরিয়ান ফ্যাশনে। আলিয়া পরেছেন ডিপ কাট করসেট ব্লাউজ় আর অপ্সরা কেতার ধুতি স্কার্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৩৫
কানে আলিয়া ভট্ট ভারতীয় বার্বি সাজলেন?

কানে আলিয়া ভট্ট ভারতীয় বার্বি সাজলেন? ছবি: সংগৃহীত।

বার্বি যদি এ কালের ভারতে তৈরি হত, তবে কেমন দেখতে হত তাকে? শুধুই তামাটে গাত্রবর্ণ আর নিকষ কালো চুল? উঁহু।

Advertisement

উত্তরটি দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। আর দিয়েছেন ফরাসি শহর কানের চলচ্চিত্রোৎসবে গিয়ে। সেখানে গেরুয়াবসনা আলিয়ার সাজ দেখে ভক্তেরা একবাক্যে রায় দিয়েছেন, ‘আলিয়া সাক্ষাৎ ভারতীয় বার্বি’!

আগামী দিনে মুক্তি পেতে চলেছে স্বামী রণবীর কপূরের ছবি ‘রামায়ণ’। ছবিতে রণবীরকে রামরূপে গৈরিক ধুতি-উত্তরীয়ে দেখা যাবে। ফ্রান্সের চলচ্চিত্রোৎসবে গৈরিক সাজেগোজে কি সেই ছবির প্রচার করলেন আলিয়া? পা পর্যন্ত লুটোনো নকশাহীন গেরুয়া রঙের গাউন, হাতে গেরুয়া উত্তরীয়, খোলা চুল, নামমাত্র মেকআপ আর গেরুয়া অলঙ্কারের সাজে আলিয়াকে খানিক সন্ন্যাসিনীর মতোই দেখাচ্ছিল। তবে আলিয়া শুধু গেরুয়া সাজেই থামেননি।

সকালের গেরুয়া বার্বি আলিয়া দুপুরে সেজেছেন গঙ্গুবাঈ, তবে ইউরোপের ভিক্টোরিয়ান ফ্যাশনে।

আলিয়া পরেছেন ডিপ কাট করসেট ব্লাউজ় আর অপ্সরা কেতার ধুতি স্কার্ট। তরুণ তেহলানির নকশা করা ওই পোশাকে স্পষ্ট প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলমিশ। আলিয়া সেই ফিউশন পোশাকের পালে হাওয়া দিয়েছেন তাঁর সাজে।

বলিউডের নায়িকা পরেছেন নথ, ঝুমকো, পায়ের তোড়া, হাতপদ্ম। কপালে মুক্তোর টিপ। অথচ হাতে নিয়েছেন ভিক্টোরিয়ান কেতার লেসের কাজ করা ছোট ছাতা। সব মিলিয়ে আলিয়াকে দেখে মনে হচ্ছে, তাঁর পর্দার চরিত্র গঙ্গুবাঈ অষ্টাদশ শতকের ইউরোপীয় সাজে সেজেছে।

আলিয়াকে কানের চলচ্চিত্রোৎসবের জন্য সাজিয়েছেন পোশাক পরিকল্পক রিয়া কপূর। উল্লেখ্য, এ বারের কান চলচ্চিত্রোৎসবে আলিয়া প্রথম দিন এসেছিলেন একটি হাতে আঁকা ফিট অ্যান্ড ফ্লেয়ার গাউন পরে।

Advertisement
আরও পড়ুন