Curd for Hair

দোলের রঙে চুল রুক্ষ হবেই, যত্ন নিন দই দিয়ে, কী কী উপকরণে বানাবেন প্যাক?

ভিটামিন বি ও ডি সমৃদ্ধ দই চুল পড়া বন্ধ করে, খুশকি নাশ করে এবং চুলের গোড়া মজবুত করে। দোলের দিন এমনিও রং লেগে চুল রুক্ষ ও খসখসে হয়ে যাবে। রং তোলার পরে চুলের যত্ন নিন দই দিয়ে। বানিয়ে ফেলুন নানা রকম হেয়ার প্যাক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:০৫
DIY Curd Hair Mask Recipes for healthy hair

দইয়ের সঙ্গে কী কী মিশিয়ে মাখায় মাখবেন? ছবি: ফ্রিপিক।

দোলের দিনে রং ঢুকে চুলের বারোটা বাজবেই। রং তোলার পরেও রুক্ষ ভাব থাকবে। তাই সে সময়ে চুলের যত্ন নিতে হবে বিশেষ উপায়ে। এর জন্য পার্লারে ছোটার প্রয়োজন নেই। ঘরেই এমন হেয়ার প্যাক বানিয়ে নিতে পারেন যা দিয়ে সালোঁর মতোই স্পা করে নিতে পারেন। দই চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং মাথার ত্বককে আর্দ্র রাখে। তবে দই সরাসরি মাথায় মাখা যাবে না। এর সঙ্গে মেশাতে হবে আরও কিছু উপকরণ।

Advertisement

দই ও নারকেল তেলের মাস্ক

চুল থেকে রং তোলার পরে দই ও নারকেল তেলের মাস্ক মেখে নিলে চুল নরম থাকবে। এক কাপ দইয়ের সঙ্গে ২-৩ চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। এই মাস্কটি চুলে মালিশ করে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে।

দই, মধু ও লেবুর রসের মাস্ক

রঙের রাসায়নিকের কারণে মাথায় চুলকানি ও র‌্যাশ হয়। খুশকির সমস্যাও বেড়ে যেতে পারে। সে জন্য এমন হেয়ার মাস্ক মাখতে হবে যার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ আছে। আধা কাপ দই, ১ চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। লেবু ও দই মাথার ত্বক পরিষ্কার রাখবে, মধু চুলের রুক্ষ ভাব দূর করবে।

দই ও পাকা কলার মাস্ক

জল দিয়ে ধোয়ার পরেও শুকনো আবিরের গুঁড়ো চুলের ভিতরে আটকে থাকে। ফলে চুলের রুক্ষ ভাব থেকেই যায়। এর থেকে রেহাই পেতে দইয়ের সঙ্গে পাকা কলা চটকে মাথায় মাখতে পারেন। আধ কাপ দইয়ের সঙ্গে একটি কলা চটকে নিন। খুব মিহি করে মিশ্রণটি তৈরি করতে হবে। এটি মাথায় মেখে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক প্রোটিন সমৃদ্ধ, চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনবে।

দই-ডিমের মাস্ক

চুল পড়ার সমস্যা যাঁদের বেশি, তাঁদের জন্য এই প্যাক আদর্শ। ডিমের কুসুম, দই এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। রং খেলার পরে আরও বেশি চুল উঠতে পারে। এই প্যাকটি মাখলে সে সম্ভাবনা কমবে।

Advertisement
আরও পড়ুন