How to Get Bigger Lips

প্রিয়ঙ্কা, নুসরতের মতো ঠোঁট পছন্দ? লিপলাইনারের কারিকুরিতেই চওড়া দেখাবে ওষ্ঠ, জানুন কৌশল

ঝক্কি এবং খরচ এড়িয়ে যদি ঠোঁট চওড়া বা সরু করতে চান কিংবা দিতে চান মনের মতো আকার, তা হলে মাত্র ২ মিনিটেই মুশকিল আসান করতে পারে লিপলাইনার। শুধু শিখে নিতে হবে সঠিক কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২
অভিনেত্রীদের মতো চওড়া ফোলা ঠোঁট পেতে পারেন ২ মিনিটেই! কোন কৌশলে তা সম্ভব?

অভিনেত্রীদের মতো চওড়া ফোলা ঠোঁট পেতে পারেন ২ মিনিটেই! কোন কৌশলে তা সম্ভব? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পাতলা ওষ্ঠাধর নয়, বরং পুরু, ঈষৎ ফোলা ঠোঁটেই মন মজেছে তরুণ প্রজন্মের। বলিউড থেকে টলিউডে বেশ কয়েক বছর ধরেই সেই হাওয়া। অনেক অভিনেত্রী, তারকাই মনের মতো ঠোঁট পেতে অস্ত্রোপচার বা ফিলার-সহ আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নিচ্ছেন। তবে সে সব স্থায়ীভাবে ঠোঁটের আকার বদলের জন্য।

Advertisement

তবে এই সব ঝক্কি এবং খরচ এড়িয়ে যদি ঠোঁট চওড়া বা সরু করতে চান কিংবা দিতে চান মনের মতে আকার, তা হলে মাত্র ২ মিনিটেই মুশকিল আসান করতে পারে লিপলাইনার। শুধু শিখে নিতে হবে সঠিক কৌশল।

ঠোঁট চওড়া দেখানোর কৌশল

ওষ্ঠের ঠিক মাঝ বরাবর যে খাঁজের মতো অংশটি থাক তার সামান্য উপর দিয়ে ঠোঁট আঁকতে হবে। কিছুটা ধনুকের মতো আকৃতি করে লাইনার দিয়ে তা ঠোঁটের দুই প্রান্তে মিলিয়ে দিন। একই ভাবে অধরেও লিপলাইনার টানতে হবে একটু বাইরে দিয়ে। পরের কাজ হল লিপলাইনারের সাহায্যে ঠোঁট প্রান্ত থেকে ভরাট করে দেওয়া। সবশেষে মানানসই লিপস্টিক এবং লিপ জেল ব্যবহার করুন। এতে ওষ্ঠাধর বড় বা চওড়া হবে না, শুধু দৃষ্টিবিভ্রমের জন্য তা চওড়া এবং ফোলা দেখাবে।

পাতলা ঠোঁটের কারিকুরি

চওড়া ঠোঁট যদি অপছন্দ হয়, তা হলে তা পাতলা করারও কৌশল আছে। লিপলাইনারের টানেই বদলে যাবে ওষ্ঠাধরের আকার। ঠোঁট পাতলা এবং সরু দেখাতে চাইলে লিপলাইনারের টান দিতে হবে ঠোঁট ছেড়ে একটু ভিতরের দিকে। এটি হবে আগেরটির ঠিক উল্টো। তারপর লিপলাইনার এবং লিপস্টিক দিয়ে তা ভরাট করতে হবে। যেহেতু ঠোঁট একটু সরু করে এঁকে তা ভরাট করা হচ্ছে, তাই এতে ওষ্ঠাধর দেখাবে সরু এবং পাতলা।

কী ভাবে ঠোঁট দেখাবে আকর্ষণীয়?

প্রস্তুতি: লাইনার বা লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটের যত্ন জরুরি। ফাটা, শুষ্ক ঠোঁটে কোনও কারিকুরি সুন্দর দেখাবে না। তাই প্রথমে ঠোঁট স্ক্রাব করে লিপ বাম লাগিয়ে নিন।তা করতে হবে মেকআপ শুরু করার অন্তত আধ ঘণ্টা আগে।

লাইনার: নরম এবং ক্রিমের মতো লিপলাইনার বেছে নিন। যে রঙের লিপস্টিক ব্যবহার করতে চাইছেন তার সঙ্গে যেন লিপলাইনারের রঙের সামঞ্জস্য থাকে।

ব্লেন্ডিং জরুরি: লিপলাইনার দিয়ে আউটলাইন করার পর তা ঠোঁটের সঙ্গে মিশিয়ে দেওয়া জরুরি। তার পর লিপস্টিক দিয়ে ভরাট করে নিন।

লিপলাইনারের এই কৌশলে খুব সহজে পছন্দমতো ঠোঁট আঁকা যায়, অথচ চট করে তা বোঝার উপায় থাকে না। রূপটানে তা ভিন্ন মাত্রা যোগ করে।

Advertisement
আরও পড়ুন