Summer Tan Removal

গরম পড়তেই রোদে পোড়া কালচে দাগে নাজেহাল, কী ভাবে দাগছোপ তুলবেন?

ত্বকের ধরন যেমনই হোক, রোদে বেরোলেই ট্যান পড়ে যাওয়ার সমস্যা হবেই। এই ট্যান পরিষ্কার করতে অনেকেই ফেশিয়াল কিট ব্যবহার করেন। এর চেয়ে ঘরোয়া উপায় বেশি কার্যকরী হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৬:৫২
সালোঁয় না গিয়েই ট্যান তুলুন, কী ভাবেরোদে পোড়া দাগছোপ তুলবেন?

সালোঁয় না গিয়েই ট্যান তুলুন, কী ভাবেরোদে পোড়া দাগছোপ তুলবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরম পড়তেই ত্বকের সমস্যা শুরু হয়েছে। আজ ব্রণ, তো কাল র‌্যাশ। তার উপরে চড়া রোদে বেশি ক্ষণ থাকলেই কালচে দাগছোপ পড়ছে। গরমের সময়ে রোদে পোড়া দাগ বা ‘ট্যান’ সাধারণ সমস্যা। যদি সূর্যের তাপে ত্বক ঝলসে কালচে দাগের সঙ্গে জ্বালাপোড়া শুরু হয়, তখন তা চিন্তার।

Advertisement

ঘণ্টার পর ঘণ্টা রোদে থাকলে প্রথমে ত্বকে কালচে দাগছোপ পড়বে, যাকে সান ট্যান বলা হয়। সেই অংশের চামড়ায় ব্রণ বা ফুস্কুড়ি হতে পারে, অথবা ত্বকে ঘামাচি হতে পারে। চুলকানি, জ্বালাপোড়ার মতো অনুভূতি হতে পারে। এই সমস্যা হলে তাকে ‘সানবার্ন’ বলা হবে। কিন্তু সূর্যের অতিবেগনি রশ্মির কারণে যদি ত্বকের রং বদলাতে শুরু করে, লালচে র‌্যাশ এবং তা থেকে ত্বকে ঘা, চামড়া উঠতে থাকা বা ক্ষত তৈরি হয়, তা হলে বুঝতে হবে ‘সান পয়জ়নিং’ হচ্ছে। এর থেকে চর্মরোগও হতে পারে।

সানবার্ন বা সান পয়জ়নিং থেকে বাঁচতে রোদ থেকে ফিরেই ঠান্ডা জলে স্নান করা জরুরি। ত্বকের যে জায়গাগুলিতে লালচে দাগ পড়বে বা চুলকানি হবে, সেখানে বরফ ঘষলে আর ফোস্কা পড়বে না। তা ছাড়াও ত্বকের যত্ন নিতে হবে।

কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

টক দই-বেসনের প্যাক

২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ বেসন এবং সামান্য হলুদ মিশিয়ে মুখে ও রোদে পোড়া অংশে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করবে।

আলু ও লেবুর রস

আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলো দিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক খুব স্পর্শকাতর হলে লেবুর রসের বদলে শুধু আলুর রসই ব্যবহার করতে পারেন।

চন্দন-হলুদের প্যাক

চন্দন গুঁড়ো, হলুদ গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো মধু, টক দই মিশিয়ে তাতে এক চামচ পাতিলেবুর রস দিন। এ বার ট্যান পড়া অংশে সেটি লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

কফির প্যাক

ট্যান তুলতে এই প্যাক খুবই কার্যকরী। কফি পাউডারে কয়েক ফোঁটা পাতিলেবুর রস বা ঠান্ডা দুধ মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে নিন। দশ মিনিট রেখে ভাল করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এর পর বাইরে না বেরোলে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন