Use of Shampoo in Summer

গরমে রোজ চুল ধোয়া উচিত? না কি তাতেই বাড়ে সমস্যা? এ সময়ে কেশ ভাল রাখতে শ্যাম্পু করার নিয়ম জানুন

গরমকালে কি রোজ চুল ধোয়া যায়? না কি ঘন ঘন শ্যাম্পু করলে চুল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৮:১৪
How many times should you use shampoo for hair care this summer

সপ্তাহে কত বার শ্যাম্পু করবেন? ছবি: সংগৃহীত।

গরম পড়লেই চুল নিয়ে নতুন নতুন সমস্যা শুরু হয়। মাথার ত্বক ঘেমে যায়, চুল তেলচিটে হয়ে ওঠে, ধুলো-ময়লা জমে, কখনও আবার চুলকানিও বাড়ে। ফলে অনেকের মনেই প্রশ্ন জাগে— গরমকালে কি রোজ চুল ধোয়া যায়? না কি ঘন ঘন শ্যাম্পু করলে চুল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে?

Advertisement

এই প্রশ্নের কোনও একটি উত্তর হয় না। কারণ, চুল কত বার ধোয়া প্রয়োজন, তা নির্ভর করে চুলের ধরন, মাথার ত্বকের প্রকৃতি, জীবনযাপন এবং পরিবেশের উপর। গরমে ঘাম বেশি হলেও রোজ শ্যাম্পু করার প্রয়োজন হয় না সাধারণত। যাঁদের মাথার ত্বক খুব তেলচিটে, তাঁরা তুলনামূলক বেশি বার চুল ধুতে পারেন। কিন্তু যাঁদের মাথার ত্বক শুষ্ক বা স্বাভাবিক, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত শ্যাম্পু মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নিতে পারে।

ফলে চুল রুক্ষ, নিষ্প্রাণ এবং ভাঙন ধরার আশঙ্কা থাকে।

১. মাথার ত্বক তৈলাক্ত হলে?

যাঁদের মাথার ত্বকে দ্রুত তেল জমে, গরমকালে তাঁদের সপ্তাহে ৪-৬ বার পর্যন্ত চুল ধোয়ার প্রয়োজন হতে পারে।

বিশেষ করে বাইরে বেশি সময় কাটালে, নিয়মিত শারীরচর্চা করলে বা অতিরিক্ত ঘাম হলে মাথার ত্বক পরিষ্কার রাখা জরুরি। তবে প্রতিবারই কড়া রাসায়নিকযুক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভাল।

২. মাথার ত্বক স্বাভাবিক হলে?

স্বাভাবিক মাথার ত্বকের ক্ষেত্রে সপ্তাহে ২-৩ বার চুল ধোয়া সাধারণত যথেষ্ট বলে মনে করেন চর্মরোগ চিকিৎসকেরা। এর ফলে মাথার ত্বক পরিষ্কার থাকে, আবার চুলের স্বাভাবিক আর্দ্রতাও বজায় থাকে।

৩. মাথার ত্বক শুষ্ক হলে?

শুষ্ক চুল ও মাথার ত্বকের ক্ষেত্রে ঘন ঘন শ্যাম্পু করার প্রয়োজন সাধারণত কম। সপ্তাহে ১-২ বার চুল ধুলেই যথেষ্ট। অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহারে চুল আরও শুষ্ক হয়ে যেতে পারে।

৪. কোঁকড়ানো চুলের ক্ষেত্রে?

কোঁকড়ানো চুলে স্বাভাবিক ভাবেই আর্দ্রতা ধরে রাখা কঠিন হয়। তাই এ ধরনের চুলে খুব ঘন ঘন শ্যাম্পু করলে রুক্ষতা বাড়তে পারে। সাধারণত সপ্তাহে ১-৩ বার চুল ধোয়ার পরামর্শ দেওয়া হয়, যদিও তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

গরমে মাথার ত্বক সুস্থ রাখতে কী করবেন?

চুল ধোয়ার পাশাপাশি আরও কিছু অভ্যাস গুরুত্বপূর্ণ।

* অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না।

* মৃদু শ্যাম্পু ব্যবহার করুন।

* চুল ধোয়ার পরে প্রয়োজন হলে কন্ডিশনার লাগান।

* ঘামে ভেজা চুল দীর্ঘ ক্ষণ বেঁধে রাখবেন না।

* নিয়মিত চিরুনি দিয়ে পরিষ্কার করুন।

* রোদে বেরোলে মাথা ঢাকার চেষ্টা করুন।

Advertisement
আরও পড়ুন