ছবি: সংগৃহীত।
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে মাথার ত্বক বা স্ক্যাল্পে ঘাম ও তেল বেশি জমে। খুশকির সমস্যা থাকলে এই ঋতুতে চুলে তেল ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন, কারণ ভুল নিয়মে তেল মাখলে খুশকি এবং চুল পড়ার সমস্যা আরও বেড়ে যেতে পারে। বর্ষাকালে খুশকি মুক্ত থাকতে হলে এবং চুলের রুক্ষ ভাব কমাতে হলে ঠিক কী ভাবে তেল ব্যবহার করা উচিত?
ভারী তেল এড়িয়ে চলুন
বর্ষাকালে নারকেল তেল বা ক্যাস্টর অয়েলের মতো ভারী তেল সরাসরি স্ক্যাল্পে না লাগানোই ভাল। এর বদলে হালকা তেল যেমন—টি-ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েলের কয়েক ফোঁটা অন্য কোনও হালকা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। টি-ট্রি অয়েলের অ্যান্টি-ফাঙ্গাল উপাদান খুশকি কমাতে দারুণ কাজ করে।
অল্প সময়ের জন্য
তেল মেখে সারারাত রেখে দেওয়ার ভুল একদম করবেন না। এতে বাতাসে থাকা ধুলোবালি ও ময়লা স্ক্যাল্পে আটকে ফাঙ্গাসের উপদ্রব বাড়িয়ে দিতে পারে। শ্যাম্পু করার মাত্র ৩০ থেকে ৪৫ মিনিট আগে হালকা গরম তেল চুলে মাসাজ করুন।
লেবুর রসের ব্যবহার
তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। লেবুর সাইট্রিক অ্যাসিড স্ক্যাল্পের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে এবং খুশকি দূর করতে সাহায্য করে।
ভাল ভাবে শ্যাম্পু করুন
তেল মাখার পর মাথার ত্বক যেন কোনওভাবেই তৈলাক্ত না থাকে। একটি হালকা অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে চুল খুব ভালোভাবে ধুয়ে ফেলুন।
যা মনে রাখবেন
যদি খুশকির সমস্যা তীব্র হয় তবে বর্ষার এই কয়েকটা মাস চুলে তেল দেওয়া সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রাখাই শ্রেয়। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় মাথার ত্বক পরিষ্কার ও শুকনো রাখাই হল খুশকি দূর করার আসল চাবিকাঠি।