Hair Care Tips

গরমের দিনে কোঁকড়ানো চুলে জট পড়ে বেশি, কী কী মাখলে চুল নরম থাকবে?

কোঁকড়ানো চুল নিয়ে ঝক্কি অনেক। এমন চুলে জট পড়ে বেশি। গরমের দিনে মাথায় ঘাম বসে চুলের দশা আরও বেহাল হয়ে যায়। কী ভাবে যত্ন নেবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৭:৩৫
গরমের দিনে কোঁকড়ানো চুলের যত্ন নেওয়ার কিছু উপায়।

গরমের দিনে কোঁকড়ানো চুলের যত্ন নেওয়ার কিছু উপায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চুল সোজা ও মসৃণ হলে খুব সহজেই কেশসজ্জা করা যায়, চট করে জট পড়ে না, খোলা চুলে নানা রকম বাহারও করা যায়। তবে কোঁকড়ানো চুলের ক্ষেত্রে বিষয়টা খানিক উল্টো। একে তো সহজে রকমারি কেশসজ্জা করা যায় না, তার উপর জট ছাড়াতে গিয়ে দম বেরোনোর জোগাড় হয়। কোঁকড়ানো চুলের জন্য তাই বিশেষ যত্ন প্রয়োজন। কী কী প্যাক মাখলে চুল নরম থাকবে জেনে নিন।

Advertisement

মেথি-দইয়ের হেয়ার প্যাক

‘প্রথমে মেথি সারা রাত ভিজিয়ে সকালে একটি পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে ২ চামচ মেথির মিশ্রণ, ২ চামচ মুলেঠি গুঁড়ো, ২ চামচ হেনা, পরিমাণ মতো দই আর একটি কলা চটকে নিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। তার পর সেই প্যাক সারা চুলে মেখে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেই চুলে আসবে স্পায়ের মতো জেল্লা।

কলা-মধুর প্যাক

চুলকে ঘন করতে কলা এবং চুলে আর্দ্রতা ধরে রাখার জন্য মধু বেশ কার্যকরী। তাই একটি পাকা কলা পিষে তাতে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। চাইলে অল্প নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। মিহি মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন। চুল আগের থেকে অনেক বেশি নরম হবে।

অ্যালো ভেরা ও ক্যাস্টর অয়েলের প্যাক

৪ চামচ তাজা অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং ২ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চুলে ভাল করে মেখে রেখে জল দিয়ে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই রুক্ষ চুল নরম ও মসৃণ হবে।

Advertisement
আরও পড়ুন