Ice Therapy Tools

শীত-গ্রীষ্ম-বর্ষা, বরফই ভরসা! চর্চা বেড়েছে হিমশীতল প্রসাধনী নিয়ে, আপনি কোনটি কিনবেন, লাভ আছে কি

ইদানীং ইনস্টাগ্রামে এই ট্রেন্ড খুবই চোখে পড়ছে। মুখে বরফ ঘোরানো, ঠান্ডা প্রসাধনী দিয়ে ত্বক মালিশ করা, কিংবা চোখের নীচে ঠান্ডা জিনিস চেপে ধরা। এককথায়, ত্বকচর্চায় গুরুত্ব বা়ড়ছে ‘আইস থেরাপি’র। বিক্রি বাড়ছে প্রসাধনী যন্ত্রের। আপনিও কিনবেন কি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭
কী ভাবে ত্বকের উপকার করে ‘আইস থেরাপি’?

কী ভাবে ত্বকের উপকার করে ‘আইস থেরাপি’? ছবি: সংগৃহীত।

আলিয়া ভট্ট থেকে প্রিয়ঙ্কা চোপড়া, কৃতি শ্যানন থেকে অনন্যা পাণ্ডে, ক্যাটরিনা কইফ— বলিউড নায়িকাদের ত্বকচর্চায় বরফজলের ভূমিকা বার বার চাক্ষুষ করেছেন অনুরাগীরা। তাঁদের শীত-গ্রীষ্ম-বর্ষা, বরফই ভরসা। সেই বরফের জল, বরফের টুকরোই এখন নানা বেশে সমাজমাধ্যমে হাজির হচ্ছে অবৈদ্যুতিক যন্ত্র হিসেবে। কিন্তু সবই ত্বকচর্চার জন্য।

Advertisement

ইদানীং ইনস্টাগ্রামে এই ট্রেন্ড খুবই চোখে পড়ছে। মুখে বরফ ঘোরানো, ঠান্ডা প্রসাধনী যন্ত্র দিয়ে ত্বক মালিশ করা, কিংবা চোখের নীচে ঠান্ডা জিনিস চেপে ধরা। এক কথায়, ত্বকচর্চায় গুরুত্ব বাড়ছে ‘আইস থেরাপি’র। বিক্রি বাড়ছে প্রসাধনী যন্ত্রের। এর কার্যকারণ সূত্র অবশ্য উল্টো হতে পারে।

কী ভাবে ত্বকের উপকার করে ‘আইস থেরাপি’?

আইস থেরাপি’ মূলত করা হয় ত্বককে সাময়িক ভাবে সতেজ দেখাতে। ঘুম কম হলে, মুখ ফুলে থাকলে, চোখের নীচে ফোলা ভাব থাকলে বা ত্বক ক্লান্ত দেখালে হিমশীতল স্পর্শে তৎক্ষণাৎ ত্বক উজ্জ্বল দেখাতে পারে। ঠান্ডার সংস্পর্শে এসে রক্তনালিগুলি সঙ্কুচিত হয়ে যাবে। ফোলা ভাব কমে ত্বক টানটান হবে। সকালের দিকে যখন মুখ এমনিতেই ফোলা লাগে, তখন এই টোটকা সবচেয়ে বেশি কার্যকর। তা ছাড়া মুখমণ্ডলের ত্বকের ভিতরে তরল জমলে তা আইস থেরাপির সাহায্যে সহজেই দূর করা যায়। কিন্তু নেটপ্রভাবীদের অনেকেই বলেন, মুখমণ্ডলের আকার আকৃতি বদলে দিতে পারে এই যন্ত্রগুলি। সে কথায় বিশ্বাস না করাই ভাল। মুখে তীক্ষ্ণ ভাব এনে দিতে পারে, এই আশায় বুক বেঁধে এই যন্ত্রগুলি কিনে কোনও লাভ মিলবে না। কারণ, তাৎক্ষণিক ভাবে মুখ টানটান করে দেওয়া ছা়ড়া আর কোনও জাদুকরী প্রভাব নেই এই প্রসাধনীগুলির।

এই ট্রেন্ডের সঙ্গে সবচেয়ে বেশি যে প্রসাধন যন্ত্রগুলি দেখা যাচ্ছে, সেগুলি কী কী ভাবে কাজ করে? আপনার জন্য কোনটি উপযুক্ত হতে পারে?

আইস গ্লোব।

আইস গ্লোব। ছবি: সংগৃহীত

আইস গ্লোব- কাচের ছোট গোল বলের মতো দেখতে। ভিতরে রঙিন (মূলত নীল বা গোলাপি) তরল থাকে। এগুলি ফ্রিজে রেখে ঠান্ডা করে তার পর মুখের উপর বৃত্তাকারে ঘোরানো হয়। বিশেষ করে, চোখের নীচে, গালে, কপালে এই টুল ব্যবহার করা হয়। বড়জোর ১০-১৫ মিনিট শীতল থাকে এগুলি। কিন্তু সেই মুহূর্তের জন্য বেশ আরামদায়ক। তবে কাচ দিয়ে তৈরি বলে ব্যবহারে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। এই যন্ত্রের পিছনে পরিশ্রম সবচেয়ে কম।

সিলিকন আইস মোল্ড।

সিলিকন আইস মোল্ড। ছবি: সংগৃহীত

সিলিকন আইস মোল্ড- ধরে নিন, বরফের টুকরো দিয়েই ত্বকচর্চা করছেন, অথচ হাতে ধরে রাখতে কসরত করতে হচ্ছে না। এই প্রসাধন যন্ত্রটি সিলিকন দিয়ে বানানো। ভিতরের অংশটি ফাঁপা। তাতে জল ভরে ফ্রিজে রেখে বরফ বানিয়ে নেওয়া হয়। তার পর ঢাকনা খুলে আপনি ত্বকচর্চা করতে পারেন। ধরার জন্য হাতল রয়েছে। অনেকে জলের সঙ্গে শসা, গ্রিন টি, টম্যাটো, ইত্যাদিও জমিয়েও নেন। তাতে ত্বকচর্চার মানও বৃদ্ধি পায়। এগুলি তুলনায় সস্তা এবং ব্যবহার করাও সহজ। কিন্তু বরফ গলতে শুরু করলে হাত, পোশাক ভিজে যেতে পারে। খুব বেশি সময় ধরে ব্যবহার করলে সেই ঠান্ডাও অসহ্য মনে হতে পারে।

স্টিলের রোলার।

স্টিলের রোলার। ছবি: সংগৃহীত

স্টিলের রোলার- দেখতে অনেকটা ফেস রোলারের মতো। স্টিলের হওয়ায় ঠান্ডা অনেক ক্ষণ ধরে থাকে। কাচের থেকে দ্রুত ঠান্ডাও হয়। সকালে মুখ ফুলে থাকলে এই রোলার অনেকেই ব্যবহার করেন। তবে সংবেদনশীল ত্বকে একটু সাবধানে ব্যবহার করা দরকার।

Advertisement
আরও পড়ুন