Katrinas Skin Care routne

সানস্ক্রিন কখনও ভুলে গেলেও, শোয়ার আগে একটি কাজ করতে ভোলেন না ক্যাটরিনা, কী তা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১৯:২৭
৪০ পার করেও কী ভাবে এমন দীপ্তি ক্যাটরিনা কইফের মুখে?

৪০ পার করেও কী ভাবে এমন দীপ্তি ক্যাটরিনা কইফের মুখে? ছবি:সংগৃহীত।

চেষ্টা করেও তাঁর মুখে একটু দাগছোপ মিলবে না। ত্বকে জেল্লা যেন ঠিকরে পড়ছে। ৪২ বছরে পৌঁছেও সৌন্দর্য এতটুকু কমেনি অভিনেত্রী ক্যাটরিনা কইফের। সবই কি রূপচর্চার গুণ!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কখনও কখনও সানস্ক্রিন মাখতে ভুল হতে পারে তাঁর, কিন্তু শুতে যাওয়ার আগে কখনও মেকআপ তুলতে ভোলেন না তিনি। কাজের প্রয়োজনে মেকআপ করতেই হয় তারকাদের। ক্যাটরিনার কথায়, মেকআপ না তুলে ঘুমিয়ে পড়া খুব খারাপ অভ্যাস। তা তিনি ভুলেও করেন না।

সানস্ক্রিন মাখতে ভুলে যাওয়া না কি মেকআপ তুলতে ভুল করা— দু’টির মধ্যে খারাপ কোনটি?

মুম্বইয়ের ত্বকের রোগের চিকিৎসক শরীফা চৌসে এক সাক্ষাৎকারে জানাচ্ছেন, সানস্ক্রিন মাখতে ভুলে যাওয়ার অভ্যাস খুব ক্ষতিকর। সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি ত্বকের জন্য অতি ক্ষতিকারক। তাঁর কথায়, এক রাত মেকআপ তুলতে ভুলে যাওয়ার চেয়ে সানস্ক্রিন না মেখে রোদে বেরিয়ে পড়া অনেক বেশি ক্ষতিকর। কারণ, সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বক পুড়িয়ে দিতে পারে। বলিরেখার নেপথ্যেও থাকতে পারে রোদের ভূমিকা। ত্বকের বর্ম হিসাবে কাজ করে সানস্ক্রিন।

অন্য দিকে, মেকআপ তুলে ঘুমোতে যাওয়া নিঃসন্দেহে ভাল অভ্যাস। কারণ, রাতভর মেকআপের পুরু স্তর মুখে বসে থাকলে, ত্বক শ্বাস নিতে পারবে না। তা থেকে সংক্রমণও হতে পারে। কিন্তু একদিন কেউ মেকআপ তুলতে ভুলে গেলে তার প্রভাব হবে তাৎক্ষণিক এবং সাময়িক। রোদের তাপে ত্বকের ক্ষতি হবে দীর্ঘ স্থায়ী।

Advertisement
আরও পড়ুন