ফেসপ্যাক মাখছেন, তবে নিয়ম মানছেন কি? ছবি: সংগৃহীত।
বন্ধুর চকচকে ত্বক দেখে তার ব্যবহার করা নামিদামী ফেস প্যাক কিনে আনলেন বাজার থেকে। মাস খানেক মেখেও ত্বকে তেমন জেল্লা এল না। স্বাভাবিক ভাবেই সমস্ত দোষ গিয়ে পড়ে প্রসাধনীর উপর। সব প্রসাধনী কিন্তু সবার জন্য নয়, তাই ত্বকের চিকিৎসকেরা বলেন, যে ধরনের প্রসাধনীই ব্যবহার করুন না কেন, ত্বকের ক্ষতি রুখতে হলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।
১) প্যাচ টেস্ট না করা
যে কোনও ধরনের প্রসাধনী ব্যবহার করার আগেই প্যাচ টেস্ট করার পরামর্শ দেন ত্বকের চিকিৎসকেরা। ঘরোয়া উপাদানে তৈরি প্যাক হলেও একই নিয়ম প্রযোজ্য। কারণ, সকলের ত্বকে সমস্ত উপাদান একই ভাবে কাজ করে না। তাই মুখে মাখার পর ক্ষতির আশঙ্কা থেকেই যায়।
২) অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা
ত্বকের ধরন এবং সমস্যা বুঝে প্যাক মাখতে হয়। ত্বকের জন্য উপকারী উপাদান রয়েছে ভেবে বেশি পরিমাণে মেখে ফেললে যে খুব উপকার হবে, এমনটা কিন্তু নয়। এতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়তে পারে।
৩) সঠিক ভাবে মুখ না ধোয়া
মুখে প্যাক মেখে ঠিক ভাবে মুখ না ধুলেও কিন্তু উল্টো বিপত্তি হতে পারে। আবার, প্যাক মাখার আগেও যদি সঠিক ভাবে মুখ থেকে তেল, ধুলোময়লা তুলে না ফেলেন দামি প্যাক মেখেও কোনও লাভ হবে না।