Lip Care Routine

প্রসাধনীতে ঠোঁট না রাঙিয়েই গোলাপি আভা থাকবে, কী ভাবে পরিচর্যা করবেন?

স্বল্প সাজেও বাজিমাত করা যায় ছোট্ট টিপ, হালকা লিপস্টিক লাগিয়ে নিলে। কিন্তু ঠোঁট যদি ফাটা হয়, খুঁত ঢাকতে পারে না ওষ্ঠরঞ্জনী। ঠোঁট সুন্দর করে তুলতে ঘরেই বানিয়ে নিন লিপ মাস্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:০৭
ঠোঁট পেলব থাকবে, কালচে দাগও দূর হবে, কী ভাবে পরিচর্যা করবেন?

ঠোঁট পেলব থাকবে, কালচে দাগও দূর হবে, কী ভাবে পরিচর্যা করবেন? ছবি: ফ্রিপিক।

কেবল শীতকালেই নয়, সারা বছর ধরেই ঠোঁট ফাটার সমস্যায় ভোগেন অনেকে। ত্বক পরিচর্যায় আলাদা করে সময় বার করলেও ঠোঁটের দিকটায় অনেকেই খেয়াল করেন না। মেকআপ করতে গিয়ে যদি দেখা যায়, ঠোঁট একেবারে ফেটে চৌচির, তখন বিরক্তির শেষ থাকে না। গাঢ় রঙের লিপস্টিক পরলেই আরও বেশি ফুটে ওঠে ফাটা ঠোঁট। তাই ঠোঁটের যত্ন নিতেই হবে। পরিচর্যা এমন ভাবে করতে হবে যাতে ঠোঁটের কালচে দাগ উঠে যায়। লিপস্টিকে ঠোঁট না রাঙালেও গোলাপি আভা থাকবে ঠোঁটে।

Advertisement

ঘরে বানিয়ে নিন লিপ মাস্ক

শসার রস ও গ্লিসারিনের মাস্ক

১ চামচ শসার রসে ৪-৫ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে দিন। দুটি উপাদান মিশিয়ে তলো দিয়ে ঠোঁটে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে দু’বার এটি ব্যবহার করতে পারলে ঠোঁটের জেল্লা ফিরবে। ঠোঁট নরম থাকবে।

পাকা পেঁপে ও মধুর প্যাক

পেঁপের মধ্যে ‘প্যাপাইন’ নামক উৎসেচক থাকে যা দাগছোপ দূর করবে। অর্ধেকটা পাকা পেঁপে চটকে নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠোঁটে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এ বার কোনও ময়েশ্চারাইজ়ার ঠোঁটে ভাল করে মেখে নিন।

মধু এবং নারকেল তেলের মাস্ক

এই প্যাকটি বানাতে নিতে হবে ১ চা চামচ মধু, ১ চা চামচ নারকেল তেল (হালকা গরম করে নেওয়া)। একটি ছোট পাত্রে মধু এবং নারকেল তেল ভাল ভাবে মিশিয়ে নিয়ে ঠোঁটে লাগান।১৫-২০ মিনিট রেখে দিন বা চাইলে সারা রাত রেখে সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisement
আরও পড়ুন