Dark Circle Reasons

চোখের তলায় কালি? কেবল কম ঘুম নয়, রয়েছে অন্যান্য কারণও, জেনে নিলে সমাধানের রাস্তাও মিলবে

চোখের তলায় কালি কেবল একটি মাত্র কারণ, অর্থাৎ ঘুমের অভাবেই হয় না। নেপথ্যে থাকে আরও বিষয়। কারণের সঙ্গে সামঞ্জস্য রেখে পাল্টে যায় ছোপের ধরনও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:২৯
চোখের তলায় কালি পড়েছে?

চোখের তলায় কালি পড়েছে? ছবি: সংগৃহীত।

চোখের তলায় কালি? নিশ্চয়ই ঘুম হয়নি ভাল। এই দুইয়ের কার্যকারণ সূত্র খানিক প্রতিষ্ঠিত। তবে চোখের তলায় কালি কেবল এই একটি মাত্র কারণেই হয় না। নেপথ্যে থাকে আরও বিষয়। কারণের সঙ্গে সামঞ্জস্য রেখে পাল্টে যায় ছোপের ধরনও। তাই কারণ জানলে, সমাধানের রাস্তা খোঁজাও সহজ হয়। কার চোখের তলায় কেন এবং কী রকম কালি পড়েছে, তা শনাক্ত করা দরকার।

Advertisement
চোখের তলায় কেন কালি পড়েছে?

চোখের তলায় কেন কালি পড়েছে? ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ নিবাসী চর্মরোগ চিকিৎসক প্রণীতা জৈন সম্প্রতি ৬টি কারণ ব্যাখ্যা করলেন

দাগ-ছোপের কারণে চোখের তলায় কালি: কালো, বাদামি রং জাঁকিয়ে বসে থাকে চোখের তলায়। অতিরিক্ত মেলানিন উৎপাদনের ফলে এ ভাবে কালি পড়ে যায়। জিনগত, রোদের তাপ, অ্যালার্জি বা প্রদাহের কারণে এই উপসর্গ দেখা যায়।

চোখের গর্তের কারণে কালি: চোখের নীচের অংশ যদি গর্ত হয়ে যায় বা বসে যাওয়ার মতো দেখায়, তা হলে সেই ছায়ার কারণেও ডার্ক সার্কল বেশি চোখে পড়তে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা ওজন কমে গেলে চোখের নীচে চর্বির স্তর সঙ্কুচিত হয়ে যায়, ফলে সেখানে একটি সুনির্দিষ্ট গর্ত তৈরি হয়। ছায়া পড়ার কারণে তা কালো দেখায়। যদি উপরের দিকে তাকানোর পর এই কালো ছোপ কমে যায়, তবে বুঝবেন, এটি দাগ নয়, বরং ছায়া।

ত্বকের রঙে ভিন্নতার কারণে কালি: ত্বকে এমন কিছু রেখা তৈরি হয়, যার কারণে মুখের এক এক অংশে এক এক রকমের রং তৈরি হয়। চোখের নীচের অংশ আর গালের মাঝে স্পষ্ট রেখা তৈরি হতে পারে। দু’দিকে দু’রকমের রং। অনেকেই তা চোখের তলার কালি ভেবে ভুল করতে পারেন। এটি কোনও রোগ বা সমস্যা নয়, বরং ত্বকের গঠনের কারণেই এমনটা হয়ে থাকে। অতিরিক্ত রোদ, হরমোনের হেরফের বা কিছু প্রসাধনীর ব্যবহারের কারণে এই দাগ আরও স্পষ্ট হতে পারে।

সূক্ষ্ম রেখার কারণে ছায়া: বয়সের কারণে চোখের নীচে চামড়া কুঁচকে বা ঝুলে গিয়ে ভাঁজের সৃষ্টি হয়। ত্বকে কোলাজেনের ঘাটতি হওয়ায় চোখের তলায় এমন ছাপ পড়ে। ভাঁজগুলির কারণে সেখানে এক প্রকার ছায়ার সৃষ্টি হয়, যাকে অনেকেই ভুলবশত ডার্ক সার্কল মনে করেন।

রক্তনালির কারণে কালি: হালকা বেগনি ও গোলাপি রঙের ছাপ থাকতে পারে চোখের তলায়। ক্লান্তির সময়ে বেশি চোখে পড়ে এটি। ত্বকের রং হালকা হলে আরও বেশি করে বোঝা যায়। চোখের তলার চামড়া অত্যন্ত পাতলা হয়, রক্তনালি দৃশ্যমান হয় সেখান থেকে। ফলে রক্তনালির ফুটে ওঠা রং দেখা যায় চোখের তলায়। ক্লান্তির সময়ে যখন রক্ত সঞ্চালনের গতি কমে যায়, জলশূন্যতা দেখা যায়, কম ঘুম হয়, তখন এই রং আরও স্পষ্ট হয়ে ওঠে।

একাধিক কারণ একত্রে: এই সমস্ত কারণ একত্রে চোখের তলায় কালি তৈরি করতে পারে। তাই একটি সমস্যার চিকিৎসা করে গেলে কোনও লাভ হয় না। তখন সঠিক কারণ জানতে চিকিৎসকের কাছে যাওয়া দরকার।

Advertisement
আরও পড়ুন