Skin Care tips

তারকাদের মতো ত্বক চাই? সকালের জলখাবারে কী কী খেলে ত্বকের জেল্লা ফিরবে

সকালের জলখাবার সারাদিনের শক্তি জোগায়। তাই এমন কিছু খেতে হবে যা শরীরে পুষ্টির জোগান দেবে, আবার ত্বকের জেল্লাও বৃদ্ধি করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৬
These simple morning foods boost your metabolic glow

প্রাতরাশে কী কী খেলে ত্বক ঝলমল করবে? ছবি: ফ্রিপিক।

ত্বকের উজ্জ্বলতা কেবল দামি প্রসাধনী বা ক্রিমে বাড়বে না, এর আসল রহস্য লুকিয়ে আছে সকালের জলখাবারে। প্রাতরাশ এমন হবে যাতে সারা দিন শক্তির জোগান পাওয়া যায় আবার পুষ্টিও ঢোকে শরীরে। জলখাবার যদি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হয়, তা হলে কোষের পুনর্গঠন হয় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে।

Advertisement

প্রাতরাশে কী কী খেলে ত্বক ভাল থাকবে?

ওট্‌স ও বেসনের চিল্লা

ওটসে আছে ফাইবার, বেসনে আছে প্রোটিন। ওটস শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে সমপরিমাণে বেসন মিশিয়ে গুলে নিন। এতে নানা রকমের সব্জি এবং পছন্দের মশলা দিতে পারেন। তার পরে ওই মিশ্রণ দিয়ে সামান্য ঘি দিয়ে তাওয়ায় বানিয়ে নিন চিল্লা।

চিয়া পুডিং

আধ কাপ চিয়া বিজ, ১ কাপ নারকেলের দুধ, একসঙ্গে মিশিয়ে নিয়ে পাত্রটি সারা রাত ফ্রিজে রাখুন। সকালে ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরি হয়ে যাবে চিয়া পুডিং। এর মধ্যে বাদাম, বেরি দিয়ে খেতে পারেন। চিনির বদলে ব্যবহার করতে পারেন গুড়।

অঙ্কুরিচ ছোলার স্যালাড

অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। একঘেয়ে জলখাবার খেয়ে অরুচি হলে স্বাদ বদলের জন্য বানিয়ে নিতে পারেন অঙ্কুরিত ছোলার স্যালাড। অ্যাভোকাডো এবং আপেল ছোট ছোট করে কেটে নিন। এ বার কাচের বড় পাত্রে ফলের টুকরো, অঙ্কুরিত ছোলা, বাদাম, নানা রকম বীজ, আখরোট, লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। স্যালাড ড্রেসিংয়ের জন্য অলিভ অয়েল, মধু ব্যবহার করতে পারেন।

প্রোটিন সমৃদ্ধ গ্রিক স্যালাড

শসা কিউব করে কেটে নিতে হবে। সঙ্গে টম্যাটো, পেঁয়াজও কেটে নিন। কালো অলিভ থাকলে ভাল হয়। এই স্যালাড বানাতে পনির বা চিজ় নিতে পারেন। যাঁরা চিজ় খেতে চান না, তাঁরা পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে নিতে পারেন। অথবা না ভেজেও ব্যবহার করতে পারেন। সব্জি কেটে নিয়ে উপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে দিন। এ বার ড্রেসিংয়ের পালা। সে জন্য অলিভ অয়েল, লেবর রস ও অরিগ্যানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যাঁরা চান না, তাঁরা শুধু নুন, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়েও খেতে পারেন।

Advertisement
আরও পড়ুন