২১ দিনেই ত্বকের জেল্লা ফিরবে, কেমন পানীয় তৈরি করবেন? ছবি: ফ্রিপিক।
বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে শরীরের ভিতরের যত্নও নেওয়া উচিত। প্রাকৃতিক নানা খাবারেই লুকিয়ে আছে ত্বকের সমস্যা মেটানোর মতো উপাদান। তেমনই বিভিন্ন উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করা যেতে পারে ত্বককে দূষণ মুক্ত করার পানীয়। সামনেই যদি বিয়েবাড়ি থাকে এবং তারকাদের মতো উজ্জ্বল ত্বক চান, তা হলে তৈরি করে নিন একটি বিশেষ পানীয়।
আমলকি, কেশরের সঙ্গে আরও কয়েকটি উপাদান মিশিয়ে তৈরি করতে হবে এই পানীয়। আমলকি ভিটামিন সি সমৃদ্ধ। এটি ত্বকে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে, যার ফলে ত্বক টানটান থাকে। এর অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের কালো দাগ দূর করে ভিতর থেকে জেল্লা আনে। কেশর প্রাচীনকাল থেকেই ত্বকের পরিচর্যার অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও বয়সের ছাপ দূর করতে এর জুরি মেলা ভার।
কী ভাবে তৈরি করবেন পানীয়?
উপকরণ:
২ চামচ আমলকির রস
আধ চামচ কেশর
আধ চামচ ঘি
১ চামচ মধু
প্রণালী
কেশর আগে থেকে জলে ভিজিয়ে রাখুন। এ বার সেই জলেই আমলকির রস, ঘি ও মধু মিশিয়ে ভাল করে নেড়ে নিন। খুব ঘন মিশ্রণ তৈরি হবে। রোজ সকালে খালি পেটে এই পানীয় খেলে ত্বক উজ্জ্বল হবে। শরীরও ডিটক্স হবে।