Viral Video

বেহাল নাগরিক পরিষেবা, প্রতিবাদে নর্দমার জলে দাঁড়িয়ে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর! ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবর্জনাভরা নর্দমার ভিতরে পূতিগন্ধময় পরিবেশে দাঁড়িয়ে কেক কেটে জন্মদিন পালন করছেন কাউন্সিলর। তাঁর সঙ্গে হাজির ছিলেন অনুগামীরাও। একটি হনুমান মন্দিরের কাছে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে খোলা নর্দমার ভিতরে টেবিলে রাখা জন্মদিনের কেক কাটেন কিসান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৭:১৬

ছবি: সংগৃহীত।

নিকাশি ব্যবস্থার দুরবস্থা এবং খোলা নর্দমা নিয়ে প্রতিবাদ জানাতে অভিনব উপায়ে জন্মদিন পালন করলেন বিজেপির এক পুরপ্রতিনিধি। নাগরিক সমস্যার প্রতি প্রশাসনের ঔদাসিন্যের অভিযোগ তুলে প্রতিবাদের এক অভিনব পথ বেছে নিলেন উত্তরপ্রদেশের আগরার বিজেপি নেতা ও পুরপ্রতিনিধি কিসান নায়েক। জন্মদিনে কোনও উৎসবের আয়োজন না করে তিনি পয়ঃবর্জ্যে ভরা একটি নর্দমার ভিতরে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবর্জনাভরা নর্দমার ভিতরে পূতিগন্ধময় পরিবেশে দাঁড়িয়ে কেক কেটে জন্মদিন পালন করছেন কিসান। তাঁর সঙ্গে হাজির ছিলেন অনুগামীরাও। একটি হনুমান মন্দিরের কাছে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে কিসান খোলা নর্দমার ভিতরে টেবিলে রাখা জন্মদিনের কেক কাটেন। ভিডিয়োয় দেখা গিয়েছে কাউন্সিলর হাঁটু পর্যন্ত নোংরা জলে দাঁড়িয়ে আছেন। তাঁর চারপাশে সমর্থকেরা জড়ো হয়ে উল্লাস করছেন ও তাঁর পক্ষে স্লোগান দিচ্ছেন। কাউন্সিলরের দাবি, তাঁর এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। নর্দমা পরিষ্কার না হওয়া, জমে থাকা বর্জ্য এবং অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছেন। বার বার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেই এই অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নেন তিনি।

ভিডিয়োটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা নেটমাধ্যমে বহু মানুষের নজরে পড়েছে। নর্দমার ভিতরে দাঁড়িয়ে কেক কেটে জন্মদিন পালন করার ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে নেটমাধ্যমে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, বর্ষার সময় জল জমা, দুর্গন্ধ এবং নোংরা পরিবেশের কারণে তাঁদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাঁদের মতে, শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন