Shaving Tips

যন্ত্রণা ছাড়াই মুখের রোম তুলবেন? রেজ়ার ব্যবহার করুন বুঝেশুনে

চটজলদি মুখের রোম তুলতে চাইলে রেজ়ারই ভরসা রাখেন অনেকে। কিন্তু রেজ়ার দিয়ে শেভ করলে মুখে র‌্যাশ বেরোবেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে শেভ করার আগে কী করবেন, কী করবেন না?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ১৯:৩৭
Tips you should follow while shaving facial hair

মুখের রোম তুলতে শেভিং যখন একমাত্র ভরসা। ছবি: সংগৃহীত।

বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার আগে সাজগোজ করতে গিয়ে হঠাৎ দেখলেন, ঠোঁটের উপর পাতলা রোমের আস্তরণ। খালি চোখে দেখলে যে খুব একটা চোখে পড়বে, তা নয়। তবে মেকআপ করার পর রোমের রেখা ভীষণ ভাবে চোখে পড়বে। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ‘ওয়্যাক্সিং’, অথচ হাতে সেই সময়ও নেই। চটজলদি রোম তুলতে তাই রেজ়ারই ভরসা। কিন্তু রেজ়ার দিয়ে শেভ করলে মুখে র‌্যাশ বেরোবেই। রেজ়ার ব্যবহার করার আগে কী কী করবেন বা করবেন না?

Advertisement

১) ত্বকের যত্নে ভাল মানের রেজ়ার ব্যবহার করতে হবে। মুখের রোম তোলার রেজ়ার কিন্তু অন্যান্য রেজ়ারের মতো হয় না। কেনার সময়ে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে।

২) শেভ করার আগে ভাল করে মুখ পরিষ্কার করে নিতে হবে। ধুলো, ময়লা, মেকআপ কিংবা মুখে অতিরিক্ত তেল কিছুই থাকা চলবে না।

৩) দাড়ি কামানোর আগে পুরুষেরা যেমন মুখে শেভিং ক্রিম বা জেল মাখেন, তেমন প্রসাধনী মেয়েদের জন্যও পাওয়া যায়। রোম তুলে নেওয়ার পর ত্বকের স্পর্শকাতরতা বেড়ে যেতে পারে। র‌্যাশও বেরোতে পারে। সঙ্গে সঙ্গে ঠান্ডা অ্যালো ভেরা জেল মেখে নিতে পারেন। মুখে বরফও ঘষতে পারেন।

Tips you should follow while shaving facial hair

ত্বকের যত্নে ভাল মানের রেজ়ার ব্যবহার করতে হবে। ছবি: সংগৃহীত।

৪) রোমের মুখ যে দিকে রয়েছে, হালকা হাতে সেই অভিমুখেই রেজ়ার চালাতে হবে। উল্টো দিকে টানলে কিন্তু ত্বকের খসখসে ভাব বেড়ে যেতে পারে।

৫) তাড়াহুড়ো থাকলে মুখে রেজ়ার ব্যবহার না করাই ভাল। ধারালো ব্লেডে কেটে যেতে পারে। ত্বকে র‌্যাশ বা ব্রণর সমস্যা বেড়ে যেতে পারে।

৬) রেজ়ারের ব্লেডের ধার যদি কমে যায়, সে ক্ষেত্রেও কিন্তু ত্বকের সমস্যা দ্বিগুণ হয়ে যাবে। তাই শেভ করার আগে সেই বিষয়টি মাথায় রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন