চুলের জন্য প্রয়োজনীয় ভিটামিন। ছবি: সংগৃহীত।
চুলের যত্নে নিয়মিত শ্যাম্পু করেন, তেল মাখেন, মাস্ক বা প্যাকের ব্যবহারও করেন। কিন্তু চুল প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কি না, সে দিকেও তো নজর দিতে হয়! কেবল বাইরের যত্ন নয়, চুল মজবুত করতে শরীরের ভিতরের পরিচর্যারও প্রয়োজন। চুলের গোড়া, মাথার ত্বক, রক্ত চলাচল, নতুন চুল গজানো— সব কিছুর জন্যই দরকার সঠিক পুষ্টি। সেই পুষ্টির মধ্যে ভিটামিনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য জানতে হবে, কোন কোন ভিটামিন চুলের স্বাস্থ্যের জন্য দরকার।
কোন কোন ভিটামিনে চুলের স্বাস্থ্য বজায় থাকে? ছবি: সংগৃহীত
চুল ভাল রাখতে এবং চুলের বৃদ্ধি ঠিক রাখতে ৬টি ভিটামিন খুব কাজে দেয়—
ভিটামিন এ: চুলের গোড়া ভাল রাখতে মাথার ত্বককে আর্দ্র আর পুষ্ট রাখা খুব দরকার। ভিটামিন এ সেই কাজই করে। মাথার ত্বকে প্রাকৃতিক তেল তৈরি হতে সাহায্য করে। ফলে মাথার ত্বক শুষ্ক হয় না। পাশাপাশি, খুশকি বা চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতাও কমতে পারে। তবে মনে রাখতে হবে, ভিটামিন এ খুব বেশি হলে আবার হিতে বিপরীত হতে পারে।
ভিটামিন বি ৭ (বায়োটিন): চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, চুল ছিঁড়ে যাওয়া— এ ধরনের সমস্যায় বায়োটিন সুরাহা হয়ে উঠতে পারে। কারণ বায়োটিন চুলের গঠনকে শক্ত করতে সাহায্য করে। চুলের মূল উপাদান যে প্রোটিন, সেটির কাজ যাতে সুষ্ঠু ভাবে হতে পারে, তার জন্য বায়োটিনের প্রয়োজন। বায়োটিনের পরিমাণ ঠিক থাকলে চুল তুলনামূলক ভাবে কম ছেঁড়ে, কম রুক্ষ হয়, আর চুল ঘন হয়।
ভিটামিন বি ১২: চুলের গোড়ায় পুষ্টি পৌঁছোনোর জন্য রক্ত চলাচল ঠিক থাকা দরকার। ভিটামিন বি ১২ শরীরে লোহিত রক্তকণিকা তৈরি হতে সাহায্য করে। আর লোহিত রক্তকণিকাই চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দেয়। অক্সিজেন কম পৌঁছোলে চুল দুর্বল হতে পারে, চুল পড়তে পারে, এমনকি নতুন চুল গজানোর গতিও ধীর হয়ে যায়। তাই বি ১২ চুলের জন্য খুবই জরুরি।
ভিটামিন সি: ভিটামিন সি চুলের জন্য দু’ভাবে কাজ করে। প্রথমত, এটি শরীরে আয়রন শোষণের কাজে অনুঘটকের কাজ করে। আয়রন কম থাকলে চুল পোক্ত হতে পারে না। দ্বিতীয়ত, ভিটামিন সি চুলের গঠন মজবুত রাখতেও সাহায্য করে। এটি এক ধরনের সুরক্ষা দান করে।
ভিটামিন ডি: ভিটামিন ডি নিয়ে এখন অনেকেই কমবেশি সচেতন। কারণ এই ভিটামিন শুধু হাড়ের জন্য নয়, ত্বক ও চুলের জন্যও দরকার। ভিটামিন ডি চুলের ফলিকলকে সক্রিয় রাখতে সাহায্য করে। অনেক সময়ে দেখা যায়, ভিটামিন ডি কমে গেলে চুল পাতলা হয়ে যাচ্ছে বা চুল ঝরা বেড়ে যাচ্ছে। তাই নিয়মিত রোদে থাকা এবং খাবারের মাধ্যমে ভিটামিন ডি পাওয়ার চেষ্টা করা জরুরি।
ভিটামিন ই: ভিটামিন ই মাথার ত্বকে রক্ত চলাচল ভাল রাখতে সাহায্য করে। ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছোতে পারে সহজে। ফলে চুলের বৃদ্ধি ভাল হতে পারে। ভিটামিন ই চুলের ঔজ্জ্বল্য বজায় রাখতেও সাহায্য করে। যাঁদের চুল খুব রুক্ষ, তাঁদের ক্ষেত্রে ভিটামিন ই অনেক সময়ে বেশ কাজে দেয়।