চায়ের গুণেই বাড়বে জেল্লা। ছবি: সংগৃহীত।
ত্বকে জেল্লা আনতে চড়া দাম দিয়ে সিরাম, ক্রিম কেনেন অনেকেই। তবে এখন চর্মরোগ চিকিৎসকেরা বলছেন, কী মাখছেন, সেটার পাশাপাশি কী খাচ্ছেন, তা নিয়েও সচেতন হতে হবে। শরীর ভিতর থেকে সুস্থ থাকলে ত্বকেও সে ছাপ পড়বে। জেল্লাদার ত্বকের রহস্য লুকিয়ে আছে হেঁশেলে। বাজারে এখন ‘গ্লো টি’-এর চাহিদা বেড়েছে। অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিনে ভরপুর সেই সব চায়ে চুমুক দিলেই নাকি বাড়বে জেল্লা। জেনে নিন, ত্বকের জেল্লা বৃদ্ধি করতে কোন কোন চায়ে চুমুক দিতে পারেন।
মাচা: মাচায় এপিগালোকাটেচিন গ্যালেট নামক একটি যৌগ থাকে, যা ত্বকের কোলাজেনের ক্ষতি রুখে দিতে পারে। পাশাপাশি, ত্বকের জেল্লাও ফিরিয়ে আনতে পারে। মাচা ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে। সেবামের ভারসাম্যও নিয়ন্ত্রণে রাখে।
কী ভাবে খাবেন?
এক কাপ গরম জলে আধ চা চামচ মাচা গুলে নিন। খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। ইচ্ছে করলে আমন্ড বা ওট্স মিল্ক দিতে পারেন। ত্বক ভাল রাখতে রোজ সকালে মাচা চায়ে চুমুক দিয়ে দিন শুরু করতেই পারেন।
হিবিসকাস টি: শুনতে অবাক লাগলেও ত্বক ও চুলের পরিচর্যায় দারুণ কাজে আসে জবা ফুলের চা বা হিবিসকাস টি। প্রদাহনাশক গুণের কারণে অনেক দেশেই জবা ফুলের চা খাওয়ার চল রয়েছে। ত্বকের যত্নের জন্য জবা ফুল ব্যবহার করতেই পারেন। এই ফুলের অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বককে বিভিন্ন রকম প্রদাহের হাত থেকে সুরক্ষা দেয়। ত্বকের দাগছোপ দূর করতেও এই চা দারুণ কার্যকর।
কী ভাবে খাবেন?
হিবিসকাস টি কিনতে পাওয়া যায়। সেই দিয়েও চা বানিয়ে খেতে পারেন। আর ইচ্ছে করলে কয়েকটি জবা ফুল জলে মিনিট পাঁচেক ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। স্বাদ বৃদ্ধির জন্য লেবু-মধু দিতে পারেন।
ব্লু টি: ক্লিটোরিয়া টারনেটি, অপরাজিতা ফুল ও নীল জবা থেকে তৈরি হয় ব্লু টি। হালকা টক স্বাদ ও নীল রঙের জন্য অনেকে ব্লু টি পছন্দ না করলেও এর উপকারিতা অনেক। কোলাজেন উৎপাদন, ত্বক টান টান রাখতে আর বলিরেখা ঠেকিয়ে রাখতে এই চা কাজে আসে। ব্লু টি খেলে রক্ত চলাচল ভাল হয়। ফলে ত্বকের পাশাপাশি চুলেরও উপকার হয়।
কী ভাবে খাবেন?
ব্লু টি কিনতে পাওয়া যায়। সেই দিয়েও চা বানিয়ে খেতে পারেন। স্বাদ বৃদ্ধির জন্য লেবু-মধু দিতে পারেন।