Veggie-Dessert Recipe

পাতে পড়বে ফুলকপি, পাবেন চকোলেটের স্বাদ! ‘ফিউশন ফাজ’ এখন নতুন পছন্দ, সব্জি দিয়ে মিষ্টি বানাবেন কী ভাবে?

গতে বাঁধা রান্নার বদলে ‘ফিউশন’ এখন পছন্দের তালিকায় উঠে এসেছে। উৎসব-পার্বণেও রকমারি ফিউশন খাবারের স্বাদ চেখে ছক ভাঙছে বাঙালি। মিষ্টিতেও এই বদল লক্ষ করা গিয়েছে। সব্জি দিয়ে মিষ্টি বানানোর চল নতুন নয়, তাই বলে চকোলেট ফাজ বা ব্রাউনিতে সব্জি মিশিয়ে দেওয়ার ধারাটি নতুন। আর তা ক্রমেই জনপ্রিয় হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৫:১৪
Cauliflower Chocolate Fudge, Veggie-Infused desserts taking Over the Internet

ব্রাউনিতে বিটরুট, ফাজ়ে ফুলকপি। ছবি: ফ্রিপিক।

সময়ের সঙ্গে রুচিতে বদল এসেছে বিপুল। মাল্টিপ্লেক্সে-শপিং মলে বেয়াক্কেলে চড়া দামের কন্টিনেন্টালও হাসিমুখে খেয়ে নিচ্ছে শুক্তো-মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়া বাঙালি। থালা সাজিয়ে বাটি চাপা গরম ভাত আর তার চারপাশে হরেক পাত্রে সাজানো ব্যঞ্জন এখন উৎসব-পার্বণের জন্যই তোলা থাকে। গতে বাঁধা রান্নার বদলে নানা খাবারের মিলমিশ বা ‘ফিউশন’ এখন পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে। সে বদল লক্ষ করা গিয়েছে মিষ্টিতেও। সব্জি দিয়ে মিষ্টি বানানোর চল নতুন নয়। তবে চকোলেট ব্রাউনি বা ফাজ়ের মতো মিষ্টিতে সব্জি মিশিয়ে দেওয়ার চল নতুনই বলা যায়। আর সেটিই এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন। ধরুন, ব্রাউনিতে মিশিয়ে দেওয়া হল বিট বা চকোলেট ফাজ়ে ফুলকপি। শুনতে আজব লাগলেও, ফুলকপি মেশানো ফাজ়ই সোনামুখ করে খেয়ে নিচ্ছেন কমবয়সিরা। ইন্টারনেটেও এমন মিষ্টি নিয়ে আলোচনা চলছে।

Advertisement

সব্জি মেশালে চকোলেট মিষ্টির স্বাদ কেমন হবে, তা নিয়ে কৌতুহল থাকেই। তবে চকোলেট মিষ্টিতে চিনির বাড়বাড়ন্ত ঠেকাতে ও কৃত্রিম ফ্লেভার যোগ করার বদলে, সব্জি মেশানোই নিরাপদ বলে মনে করছেন স্বাস্থ্যসচেতনেরা। মূলত ক্যালোরি কমানো এবং পুষ্টিগুণ বৃদ্ধির তাগিদেই এমন ফিউশন মিষ্টির প্রতি ঝোঁক বাড়ছে বলে মনে করা হচ্ছে।

ফুলকপি দিয়ে ফিউশন ফাজ় কী ভাবে বানাবেন?

উপকরণ

দেড় কাপের মতো ফুলকপির ছোট ছোট টুকরো১ কাপ চকোলেট চিপ্‌স

প্রণালী:

ফুলকপি ভাপে ভাল করে সেদ্ধ করে নিতে হবে আগে। গরম থাকতেই সেটি ব্লেন্ডারে দিয়ে পিষে নিন। এ বার তাতে চকোলেট চিপ্‌সগুলি মেশান। ফুলকপির ভাপেই চকোলেট গলে যাবে, আলাদা করে গলানোর প্রয়োজন নেই। যদি ব্লেন্ডারে গরম জিনিস ব্লেন্ড করতে সমস্যা হয়, তা হলে ফুলকপি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করতে পারেন এবং চকোলেট চিপ্‌স আলাদা করে গলিয়ে নিয়ে তার পর মেশাতে পারেন। এ বার চকোলেট মেশানো ফুলকপি খুব ভাল করে ফেটাতে হবে, যত ক্ষণ না ঘন মিশ্রণ তৈরি হচ্ছে। এ বার একটি পাত্রে বেকিং পেপার বিছিয়ে মিশ্রণটি ঢেলে দিন। ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিন, যত ক্ষণ না এটি জমে শক্ত হচ্ছে। মিষ্টির জন্য গুড় বা খেজুরবাটা মেশাতে পারেন। চাইলে কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা ও আখরোট কুচি করে মিশ্রণে ঢেলে দিতে পারেন। ফ্রিজে পাত্রটি কয়েক ঘণ্টা রাখতে হবে, জমাট বেঁধে গেলে পছন্দমতো চৌকো টুকরো করে নিন।

Advertisement
আরও পড়ুন