Cold Coffee

ক্লাসিক থেকে ক্যারামেল ডালগোনা, রন্ধনশিল্পী রণবীর ব্রার শেখালেন কী ভাবে কোল্ড কফি বানাতে হয়

গরমের দিনে বরফ বা আইসক্রিম দেওয়া কোল্ড কফি খেতেই মন চায়। তবে সবসময়ে ক্যাফেতে গিয়ে তা খাওয়ার সময় হয় না। তা ছাড়া রেস্তরাঁ বা ক্যাফেতে যে ধরনের কোল্ড কফি দেওয়া হয় তা চিনি ও ক্রিমে ভরপুর। এতে ক্যালোরি বেড়ে যাওয়ার ভয়ও থাকে। তাই বাড়িতেই বানিয়ে নিন মনের মতো কোল্ড কফি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৬:৪৯
Chef Ranveer Brar shares different variations of cold coffees

রেস্তরাঁর মতো কোল্ড কফি তৈরির প্রণালী শেখালেন রন্ধনশিল্পী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গরম ধোঁয়া ওঠা কফি ভাল না বরফ মেশানো কোল্ড কফি— সে নিয়ে কফিপ্রেমীদের মধ্যে তর্ক-বিতর্ক চলেই। দু'রকম কফির স্বাদই লোভনীয়, যদি তা বানানো যায় সঠিক পদ্ধতিতে। তবে প্রখর গ্রীষ্মে কোল্ড কফিতেই আরাম বেশি। রসনারও তৃপ্তি, আবার মনেরও। বরফ বা আইসক্রিমের পুরু পরত দেওয়া এক গ্লাস কোল্ড কফি খেলেই প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু কফি খেলেই তো হল না, কোল্ড কফি বানানোর নিয়ম আছে। রেস্তরাঁ বা ক্যাফের মতো কফির স্বাদ যদি বাড়িতে বসেই পেতে চান, তা হলে সে পদ্ধতি জানতে হবে। রন্ধনশিল্পী রণবীর ব্রার শিখিয়ে দিলেন, কী ভাবে কোল্ড কফি বানাতে হয়। নানা স্বাদের কিছু প্রণালীও বাতলে দিলেন তিনি।

Advertisement

কোল্ড কফি বানানোর আগে ক্যারামেল সস তৈরি করা জরুরি। সেটি বানিয়ে রাখলে যে কোনও স্বাদের কোল্ড কফির সঙ্গেই তা মেশানো যায়।

ক্যারামেল সস তৈরির পদ্ধতি

উপকরণ

১০০ গ্রাম চিনি

২ চামচ জল

আধ কাপ ক্রিম

ক্লাসিক কোল্ড কফি

ক্লাসিক কোল্ড কফি

প্রণালী

একটি সসপ্যানে চিনি ও জল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট ফোটান, যত ক্ষণ না চিনি গলে গিয়ে ক্যারামেল র‌ং ধরছে। এ বার গ্যাস বন্ধ করে এতে ফ্রেশ ক্রিম ঢেলে খুব দ্রুত মেশাতে থাকুন। মিশ্রণটি একটি বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখুন।

ক্লাসিক কোল্ড কফি

উপকরণ:

২-৩ টেবিল চামচ গরম জল

২ টেবিল চামচ চিনি

১ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার

১ কাপ দুধ

২-৩ টেবিল চামচ ক্রিম

১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম

বরফকুচি পরিমাণ মতো

প্রণালী

গরম জল, চিনি, কফি পাউডার, বরফকুচি এবং দুধ একসঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিন। ভালমতো ফেনা যেন হয়। এর পর এতে ক্রিম ও ১ স্কুপ ভ্যানিলা আইসক্রিম যোগ করে আবারও ১ মিনিট ব্লেন্ড করুন। সুন্দর সার্ভিং গ্লাসে বরফকুচি দিয়ে তাতে কফি ঢেলে উপর থেকে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন এবং সামান্য কফি পাউডার ছড়িয়ে পরিবেশন করুন।

কলার কোল্ড কফি

উপকরণ:

২টি পাকা কলা

২-৩ টেবিল চামচ আগে থেকে তৈরি ক্যারামেল সস

২ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার

১ কাপ দুধ

পরিমাণ মতো বরফকুচি

কলার কোল্ড কফি

কলার কোল্ড কফি

প্রণালী:

ব্লেন্ডারে পাকা কলা, ক্যারামেল সস, কফি পাউডার, দুধ এবং বরফকুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। ভালমতো ফেনা হলে সেটি গ্লাসে ঢেলে উপর থেকে আরও কিছু বরফকুচি দিন। এর পর সামান্য কফি পাউডার ছড়িয়ে পরিবেশন করুন।

ডালগোনা কোল্ড কফি

উপকরণ:

৫০ গ্রামের মতো ইনস্ট্যান্ট কফি পাউডার

আধ গ্লাসের মতো গরম জল

৪ চামচ চিনি

১ কাপ দুধ

পরিমাণমতো বরফকুচি

ডালগোনা কোল্ড কফি

ডালগোনা কোল্ড কফি

প্রণালী:

একটি বড় বাটিতে কফি পাউডার, গরম জল এবং চিনি একসঙ্গে মিশিয়ে নিন। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটি অনবরত ফেটাতে থাকুন, যত ক্ষণ না ঘন এবং ক্রিমের মতো ফেনা তৈরি হচ্ছে। কফি এর পর একটি ছড়ানো পাত্রে ঢেলে ৪-৫ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। পরিবেশনের সময় গ্লাসে ঠান্ডা দুধ ও বরফকুচি ঢালন। তার পর ঠান্ডা কফি ফ্রিজ থেকে বার করে ধীরে ধীরে ঢালতে থাকুন। আইসক্রিম দিয়ে সাজিয়েও এটি পরিবেশন করতে পারেন।

Advertisement
আরও পড়ুন