Roti Making Tips

সাধারণ ভুলেই রুটি শক্ত হয়ে যায় নয়তো ফোলে না, এমন ভুল কী করে এড়ানো সম্ভব?

প্রতি বাড়িতেই নিয়মিত রুটি তৈরি হয়। কিন্তু তফাত হয় রুটি তৈরির পন্থায়। আটা, আটার মাখার ধরন, বেলা, সেঁকা— প্রতিটি ধাপই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোন ভুলের জন্য রুটি শক্ত হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৯:৩২
Common Mistakes That Make Your Rotis Hard

কোন ভুলের জন্য রুটি শক্ত হয়ে যায়? ছবি: সংগৃহীত।

কোনও বাড়িতে রুটি হয় পাতলা, নরম। ঠান্ডা হলেও খেতে অসুবিধা হয় না। প্রতিটি রুটি সেঁকার সময় ভাল করে ফোলে। আবার কোনও বাড়ির রুটি গরম অবস্থাতেও মোটা-শক্ত।

Advertisement

প্রতি বাড়িতেই নিয়মিত রুটি তৈরি হয়। কিন্তু তফাত হয় রুটি তৈরির পন্থায়। আটা, আটার মাখার ধরন, বেলা, সেঁকা প্রতিটি ধাপই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোন ভুলের জন্য রুটি শক্ত হতে পারে।

১। আটার মানের উপর রুটির ভাল-মন্দ নির্ভর করে। আটায় বেশি ভূষি থাকলে, বা আটার মান ততটা ভাল না হলে রুটি শক্ত হবেই। স্বাদও হবে না ঠিকঠাক। আটা যত ভাল মানের হবে, রুটিও নরম হবে।

২। আটা মাখতে হয় ঠেসে ঠেসে, সময় নিয়ে। আটা মাখার সময় হালকা গরম জল দিয়ে মাখতে পারলে রুটি নরম হবেই। বেশির ভাগ সময় ঘরের তাপমাত্রায় থাকা জল দিয়েই আটা মাখা হয়। খুব ভাল করে আটা মেখে অন্তত ১৫-৩০ মিনিট পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে তা রেখে দিন। ভুল হয় এই খানেই। আটা মেখে সঙ্গে সঙ্গে রুটি করতে গেলে তা ভাল হয় না সব সময়ে।

৩। রুটি বেলার সময় প্রতিটি অংশ সমান হতে হবে। কোনও একট দিক পাতলা, কোনও দিক মোটা হলে চলবে না। রুটি বেলতে হবে একটু পাতলা করে। তা হলে রুটি ভাল ভাবে ফুলবে। ফুলকো রুটি সব সময়েই নরম হয়।

৪। রুটি সেঁকার সময় আঁচ কতটা জোর বা কম রাখতে হবে, সেই মাত্রা বোঝা জরুরি। চাটুতে হালকা উল্টে-পাল্টে নিয়ে জালির উপরে বসিয়ে সরাসরি আঁচে রুটি সেঁকা হয়। সেই সময় আঁচ খুব কম থাকলে রুটি কাঁচা থেকে যাবে, বেশি হলে পুড়ে যাবে।

৫। রুটি সেঁকতে হবে কিন্তু তাতে কালো ছোপ পড়া চলবে না। রুটি হবে সাদা, গোল। গরম অবস্থায় নরম, ঠান্ডা হলেও নরম। তবেই সেই রুটি হবে ভাল।

Advertisement
আরও পড়ুন