মুচমুচে বিস্কুট, নারকেলে ভরা কুকিজ় বাড়িতেই বানিয়ে নিন, রইল কিছু প্রণালী। ছবি: ফ্রিপিক।
এমনিতে বিস্কুট খেতে চান না। কিন্তু চায়ের সঙ্গে আবার বিস্কুট বা কুকিজ় না হলে চলে না। অথচ বিস্কুট ময়দা দিয়ে তৈরি। তাই পুষ্টিবিদেরা অতিরিক্ত বিস্কুট খেতে বারণ করেন। কুকিজ়ও তাই। নামী-দামি ব্র্যান্ডের বিস্কুট বা কুকিজ়েও থাকে প্রচুর পরিমাণে পাম অয়েল, ময়দা, প্রিজ়ারভেটিভ যা ডায়াবিটিস ও স্থূলত্বের কারণ হতে পারে। তাই আটা, ময়দা বা কৃত্রিম রং-ফ্লেভার ছাড়াই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর বিস্কুট ও কুকিজ়, যা ছোটদেরও মনের মত হবে।
ওট্স-ডার্ক চকোলেটের কুকিজ়
এক কাপের মতো ওট্সের গুঁড়োর সঙ্গে ছাতু মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে আধ কাপের মতো গলানো মাখন, ৪ চামচ গুড় বা মধু ও ১ চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এ বার এর সঙ্গে ওট্স ও ছাতুর মিশ্রণ মিশিয়ে ভাল করে মেখে মণ্ড তৈরি করে নিন। প্রয়োজন হলে ১-২ চামচ দুধ দিন। এ বার এর সঙ্গে চকোলেট চিপ্স মিশিয়ে মণ্ড থেকে ছোট ছোট লেচির মতো কেটে থালায় সাজিয়ে নিন। চাইলে এর নানা রকম আকারও দেওয়া যাবে। কড়াইতে স্ট্যান্ড বসিয়ে ঢেকে কম আঁচে ১৫ মিনিট অথবা অভেনে ১৮০ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় ১২ মিনিট বেক করে নিন।
ছাতু ও কোকো পাউডারের প্রোটিন বিস্কুট
এক কাপের মতো ছাতু, আটা, কোকো পাউডার শুকনো খোলায় ভেজে নিয়ে তাতে ৪ চামচ ঘি ও গুড় মিশিয়ে নিন। প্রয়োজনমতো দুধ ও এলাচগুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে মণ্ড তৈরি করে নিন। এ বার গোল গোল বিস্কুটের আকারে গড়ে নিয়ে কড়াইতে ঢাকা দিয়ে ১৫ মিনিট একদম কম আঁচে বেক করুন। চাইলে এর সঙ্গে ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন।স্
স্বাস্থ্যকর কুকিজ় বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।
সুজি ও নারকেলের চকোলেট কুকিজ়
সুজি সহজে হজম হয় এবং নারকেল স্বাস্থ্যকর ফ্যাটের জোগান দেয়। নারকেলের নানা রকম কুকিজ় দোকানে কিনতে পাওয়া যায়। তবে বাড়িতে বানিয়ে নিলে তা বেশি স্বাস্থ্যকর হবে। ১ কাপের মতো সুজি, ২ চামচ কোকো পাউডার, আধ কাপের মতো নারকেল কোরা এবং আধ চামচ বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। অল্প অল্প দুধ দিয়ে মেখে মণ্ডটি ১০ মিনিট রেখে দিন। সেটি ফুলে উঠলে তা থেকে কুকিজ়ের আকার তৈরি করে কড়াইতে বা অভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫ মিনিট বেক করে নিন।