ঘরেই ফুটুক ফুল। কেমন ভাবে সে গাছের যত্ন নিতে হবে? ছবি: সংগৃহীত।
বারান্দা নয়, ফুল ফুটুক ঘরেই। অন্দরসজ্জায় পাতারবাহার গাছের কদর বেশি। তবে সঠিক ভাবে রাখতে পারলে ঘরেও ফুলগাছ করা সম্ভব। ছাদ বা বারান্দায় আলো-হাওয়া আসে। তাই সেখানে সে গাছ হবে, ঘরের কম আলোর জন্য সেই গাছ উপযোগী নয়। অন্দরসজ্জার জন্য ফুলগাছ কিনতে হলে তাই বুঝেশুনে কিনতে হবে।
তালিকায় থাকুক বেগোনিয়া, কালাঞ্চো, ব্রোমেলিয়াড-এর মতো গাছ।
বেগোনিয়া: রঙিন ছোট ছোট ফুল হয় গাছটিতে। সরাসরি সূর্যালোক এই গাছের উপযুক্ত নয়। তবে দক্ষিণ খোলা জানলা এই গাছের জন্য উপযুক্ত। বাড়ির যে অংশে সূর্যের আলো আসে, তেমন জায়গা বেছে নিতে হবে। গাছের জন্য উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা রাখা প্রয়োজন। মাটি শুকিয়ে গেলে তবেই জল দেওয়া দরকার। গাছ বাড়তে শুরু করলে মাসে এক বার তরল সার দিতে পারেন।
কালাঞ্চো: সাকুলেন্ট জাতীয় উদ্ভিদটি কম পরিচর্যায় বেড়ে ওঠে। ছোট ছোট ফুল হয়, পাতাগুলিও বাহারি, খানিক পুরু, মোমের মতো মসৃণ। বাংলায় একে পাথরকুচিও বলা হয়। এই গাছের জন্য বেশি জল লাগে না। তবে ঘরের যে জানলার কাছে যথেষ্ট রোদ আসে সেখানেই এটি রাখতে হবে। না হলে দিনে অন্তত ৬ ঘণ্টা রোদ পায়, এমন স্থানে গাছটি রাখতে পারেন।
ব্রোমেলিয়াড: এই গাছের ফুল অত্যন্ত দৃষ্টিনন্দন। গাছের মাঝখানে একটি ফুল ফোটে। সেই ফুলের স্থায়িত্ব হয় মাসখানেক বা তারও বেশি। অল্প আলোয় বেড়ে উঠতে পারে বলে অনেকেই এটি অন্দরসজ্জায় ব্যবহার করেন। তবে সরাসরি সূর্যোলোকের দরকার না হলেও, হালকা রোদ গাছের জন্য জরুরি। এই গাছের একাধিক প্রজাতি আছে।