Summer Rose Care

শীতে ভাল ফুল পেতে গরমেও গোলাপ গাছের বিশেষ পরিচর্যা জরুরি, কী ভাবে যত্ন নেবেন?

শীতকালে গাছভরা গোলাপ পেতে হলে, বছরভর গাছটিকে বাঁচিয়ে রাখা জরুরি। অতিরিক্ত তাপে এই গাছ শুকিয়ে যেতে পারে। গরমের দিনে গোলাপ গাছের বিশেষ যত্নের প্রয়োজন। এই সময় কী করবেন, আর কী নয়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২০:১৩
গরমে কী ভাবে যত্ন করবেন গোলাপ গাছের?

গরমে কী ভাবে যত্ন করবেন গোলাপ গাছের? ছবি: সংগৃহীত।

শীতে গোলাপ যতটা সুন্দর ভাবে ফোটে, গরমে ততটা নয়। তাপমাত্রা বাড়তে থাকলেই, চড়া রোদে কুঁড়ি শুকিয়ে যেতে থাকে। অনেক সময় ফুল ফুটলেও আকারে বড় হয় না। ফুলেও তেমন জেল্লা থাকে না।

Advertisement

কিন্তু শীতকালে গাছভরা ফুল পেতে হলে, বছরভর গাছটিকে ভাল করে বাঁচিয়ে রাখা জরুরি। গরমকালে অতিরিক্ত তাপে ক্ষতির হাত থেকে বাঁচাতে গোলাপ গাছের বিশেষ যত্নের প্রয়োজন। এই সময় কোন কাজটি করবেন, কোনটি নয়?

১। গাছের বৃদ্ধির জন্য সারের দরকার। গোলাপ গাছেও বছরে মোটামুটি ৩ বার সার দিতে হয়। তবে গরমকাল, বিশেষত এপ্রিল থেকে জুন মাস গাছে রাসায়নিক সার প্রয়োগের জন্য আদর্শ নয়। তবে জৈব সার, সর্ষের খোল পচা জল, পাতাপচা তরল সার দেওয়া যেতে পারে।

২। গোলাপের পাতা অনেক সময় শুকিয়ে যায় বা কুঁকড়ে যায়। মাইট বা কীটের আক্রমণে এমনটা হয়। জৈব কীটনাশক প্রয়োগ করতে পারেন।

৩। গরমের মরসুমে ফুল ফোটানোর দিকে নজর না দিয়ে গাছের স্বাস্থ্য এবং বৃদ্ধির দিতে নজর দেওয়া জরুরি। এতে শীতের মরসুমে ফুল দেওয়ার জন্য গাছ সতেজ থাকবে। শুকনো ফোটা ফুল, ছোট কুঁড়ি কেটে ফেলুন।

৪। গরমের দিনে মাটি তেতে ওঠে। জলও দ্রুত বাষ্পীভূত হয়ে যায়। গাছ ঝিমিয়ে পড়ে। তাই শুধু গাছে জল দেওয়া যথেষ্ট নয়, মাটির রস যাতে শুকিয়ে না যায় সে জন্য মালচিং জরুরি। টবের উপরে শুকনো পাতা, নারকেল ছোবরার আস্তরণ দিন। এতে মাটির আর্দ্রতা বজায় থাকবে। ডাল বা পাতা শুকিয়ে যাবে না।

৫। দুপুরের চড়া রোদ গাছের সহ্য হতে নাও পারে। ফলে দুপুরে ছায়ার নীচে গাছ রাখুন। অথবা সকাল-বিকেল রোদ আসে এমন জায়গায় টব বসান। বড় গাছের নীচেও গোলাপের টব বসিয়ে রাখতে পারেন।

৬। গাছের গোড়ায় জল দিতে হবে সকালেই। উপর থেকে জল দেওয়া যাবে না। কারণ, গাছ বার বার ভিজে গেলে ছত্রাকের আক্রমণ হতে পারে।

Advertisement
আরও পড়ুন