কী ভাবে করবেন হেঁশেলের স্পা? ছবি: সংগৃহীত।
নিয়মিত যে জায়গায় রান্না হয়, সেই জায়গাটি পরিচ্ছন্ন রাখা শুধু দেখতে ভাল লাগবে বলেই নয়, স্বাস্থ্যের জন্যও জরুরি। হেঁশেলে পড়ে থাকা এঁটো খাবারের সন্ধানে যেমন মাছি, আরশোলার উপদ্রব বাড়ে, তেমনই তা থেকে দুর্গন্ধও বার হয়। রান্নাঘরের প্ল্যাটফর্ম থেকে গ্যাস অভেন, মাইক্রোওয়েভ ওভেন থেকে চপিং বোর্ড নিয়মিত পরিষ্কার না করলেই সেখানে তৈরি হয় জীবাণুদের আঁতুড়ঘর। এক বারে সে সব পরিষ্কার করা বেশ কষ্টকরও বটে। তবে ৫ মিনিটেই হতে পারে রান্নাঘরের স্পা, যদি জানা থাকে সঠিক উপায়।
১) গ্যাস বার্নার: প্রথমে গ্যাস বার্নারের উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। তার পর বার্নারের উপর ভিনিগার স্প্রে করুন। খানিক ক্ষণ মাখিয়ে রেখে, স্পঞ্জে বাসন মাজার তরল সাবান নিয়ে ভাল করে ঘষে নিলেই সাফ হয়ে যাবে বার্নার।
২) কিচেন কাউন্টার: সবচেয়ে বেশি ব্যবহার হয় রান্নাঘরের এই জায়গাটি। নিয়ম করে এটি পরিষ্কার করা ভীষণ জরুরি। প্রথমে সাবান-জল দিয়ে ভাল করে পরিষ্কার করতে হবে। তার পর জীবাণুমুক্ত করার জন্য ভিনিগার স্প্রে করতে ভুলবেন না যেন। এতে কিচেন টপ পরিষ্কার তো হবেই, তার সঙ্গে হেঁশেলে সুন্দর গন্ধও ছ়ড়িয়ে যাবে।
৩) মাইক্রোওয়েভ: একটি কাচের বাটিতে খানিকটা জল দিয়ে তার মধ্যে অর্ধেকটা লেবু ফেলে পাঁচ মিনিট মাইক্রোওয়েভ করুন। তার পর বাটি বার করে নিয়ে পরিষ্কার স্পঞ্জ দিয়ে মাইক্রোওয়েভের ভিতরটি পরিষ্কার করে নিন।
৪) বেলন: নিয়মিত এই জিনিসটি ব্যবহার করলেও রোজ জল বা সাবান দিয়েই ধুয়ে পরিষ্কার করা হয়। এতে কিন্তু জীবাণুমুক্ত হয় না বেলন। জীবাণুমুক্ত করতে বেলনে নুন আর লেবু দিয়ে কিছু ক্ষণ ঘষে নিন। তার পরে গরম জলে ভিজিয়ে রাখুন। শেষে পরিষ্কার করে মুছে গ্যাসের উপর রেখে শুকিয়ে নিন।
৫) চপিং বোর্ড: এটি পরিষ্কার করার জন্য সপ্তাহে অন্তত এক বার বেকিং সোডা, লেবু আর নুন দিয়ে পরিষ্কার করুন।