প্লাস্টিকের পুরনো টব কোন কাজে লাগাতে পারেন? ছবি: সংগৃহীত।
প্লাস্টিকের টব পুরনো হয়ে গেলে, ফেলেই দেন লোকে। তবে পরিবেশে এমন বর্জ্য বড়ই ক্ষতিকর। ফেলে না দিয়ে বরং এই টবই কাজে লাগাতে পারেন একেবারে অন্য ভাবে।
ঝুলন্ত বাগান
টবের তলার দিকটা যদি ভাল থাকে, তবে ড্রিল মেশিন দিয়ে ৩-৪টি ছিদ্র করে দড়ি বা চেন ঝুলিয়ে দিন। এতে মানিপ্ল্যান্ট বা পিটুনিয়ার মতো গাছ লাগিয়ে বারান্দায় ঝোলাতে পারেন।
সার তৈরির পাত্র
সবজির খোসা বা পচা পাতা দিয়ে সার তৈরির জন্য পুরনো টব দারুণ কাজে লাগে। হাওয়া চলাচলের জন্য টবের গায়ে ছোট ছোট ছিদ্র করে নিন। নীচে এক স্তর মাটি দিন, তার পর হেঁশেলের বর্জ্য। ডিমের খোলা, আনাজের খোসা পচে এক সময় সার তৈরি হবে।
জিনিস রাখার পাত্র
টবগুলি সাবান দিয়ে পরিষ্কার করে এতে রং বা পাটের দড়ি পেঁচিয়ে নিন। বাগান করার সরঞ্জাম (কাঁচি, খুরপি) এতে ভরে রাখতে পারেন। আবার স্নানঘরেও এই পাত্র রাখতে পারেন, যেখানে টুকিটাকি জিনিস থাকবে।
পাখির স্নানের জায়গা
একটি চওড়া পুরনো টব উল্টে তার উপর আরেকটি পাত্র লাগিয়ে দিন। সেখানে জল বা শস্যদানা রেখে দিলে পাখি জল বা খাবার খেতে আসবে। এমনকি, জল পেলে ডানাও ভিজিয়ে নিতে পারে।
শিল্পকর্ম
টবটিতে রং দিয়ে নকশা করলেই সেটি নতুনের মতো হয়ে উঠবে। এটি ঘরের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করতে পারেন কিংবা ঘরের গাছও রাখতে পারেন।