Healthy Homemade Bread

কেনা পাউরুটিতে মিশছে রাসায়নিক, বাড়িতে বানান স্বাস্থ্যকর উপায়ে, ইস্ট দিয়ে ও ছাড়া দুই প্রণালীই রইল

পাউরুটিতে এমন রাসায়নিক মিশছে যা শরীরের জন্য ক্ষতিকর। তাই দোকান থেকে কেনা পাউরুটি খেতে বারণই করছেন চিকিৎসকেরা। অথচ সকালের জলখাবারে বেশির ভাগ বাড়িতে পাউরুটিই খাওয়া হয়। ছোটরা টিফিনেও তা নিয়ে যায়। তাই পাউরুটি না কিনে, বরং বাড়িতেই বানিয়ে নিন। রইল সহজ কিছু প্রণালী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৬:২১
Homemade Yeast & Yeast-Free Bread Recipes for a Healthier Breakfast

ইস্ট দিয়ে ও ইস্ট ছাড়া পাউরুটি তৈরির প্রণালী। ছবি: ফ্রিপিক।

সকালের তাড়াহুড়োয় এক টুকরো পাউরুটিতে মাখন বা জ্যাম মাখিয়ে খেয়ে নেওয়া বেশির ভাগেরই অভ্যাস। তা ছাড়া ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট তো খুবই পছন্দের জলখাবার। সাদা পাউরুটিতে একগাদা ময়দা আছে বলে অনেকে আবার ব্রাউন ব্রেড খাওয়া শুরু করেছেন। তবে তাতেও নাকি মিশছে কৃত্রিম রং। অতএব দোকান থেকে কেনা পাউরুটিকে কোনও মতেই স্বাস্থ্যকর বলছেন না চিকিৎসকেরা। তার উপাদানে হোক বা তৈরির পদ্ধতি— কোনওটিই স্বাস্থ্যকর নয় বলেই দাবি। অথচ বেশির ভাগ বাড়িতে সকালের জলখাবারে পাউরুটিই খাওয়া হয়। ছোটরা টিফিনেও তা নিয়ে যায়। তা হলে উপায়? পাউরুটি বানিয়ে নিতে পারেন বাড়িতেই। পদ্ধতি সহজ। তৈরির প্রণালী জেনে নিতে হবে।

Advertisement

কেনা পাউরুটি নরম, তুলতুলে এবং দীর্ঘদিন তাজা রাখার জন্য তাতে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডেট মেশানো হয় বলে দাবি। ময়দা মাখার পর তা যাতে ভাল করে ফোলে সে জন্যও মেশানো হয় এই ধরনের রাসায়নিক। একাধিক গবেষণায় প্রমাণিত পটাশিয়াম ব্রোমেটের মতো রাসায়নিকে ক্যানসার সৃষ্টিকারী উপাদান থাকে। তা ছাড়া পাউরটিতে মেশানো নানা ধরনের প্রিজ়ারভেটিভ লিভার ও কিডনির ক্ষতি করে।

বাড়িতে পাউরুটি তৈরির পদ্ধতি

ইস্ট দিয়ে চিনি ছাড়া

উপকরণ

২ কাপ আটা১ চামচ ইস্ট

১ চামচ মধু

২ চামচ গুঁড়ো দুধ

নুন আধ চামচ

২ চামচ সাদা তেল বা মাখন

বাড়িতে তৈরি পাউরুটি বেশি স্বাস্থ্যকর।

বাড়িতে তৈরি পাউরুটি বেশি স্বাস্থ্যকর। ছবি: ফ্রিপিক।

প্রণালী

ঈষদুষ্ণ দুধে মধু ও ইস্ট মিশিয়ে মিনিট পাঁচেক রেখে দিন। অন্য পাত্রে আটা ময়দা, নুন ও গুঁড়ো দুধ মেশান। এ বার ইস্ট মেশানো মধু ও দুধ দিয়ে ভাল করে আটা মেখে নিন। মাখার সময়ে মাখন মেশান। খুব ভাল করে মাখতে হবে। তার পর মণ্ডটি ঢাকা দিয়ে রাখুন ঘণ্টা দেড়েক। ফুলে উঠলে তা থেকে গোল বা চৌকো আকারে গড়ে নিয়ে আরও ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এ বার গ্যাসে একটি বড় পাত্র বসিয়ে তার ভিতরে স্ট্যান্ড রাখুন। স্ট্যান্ডের উপরে একটি প্যান রেখে তাতে হালকা মাখন মাখিয়ে গোল বা চৌকো করে নেওয়া মণ্ডটি রেখে ঢাকা দিয়ে দিন। একেবারে কম আঁচে ৩৫-৪০ মিনিট বেক করুন। উপরটা শক্ত ও বাদামি হয়ে এলে নামিয়ে নিন।

ইস্ট ছাড়া দই দিয়ে

উপকরণ

২ কাপ আটা বা ওট্‌সের গুঁড়ো

১ কাপ জল ঝরানো টক দই

দেড় চামচ বেকিং পাউডার

আধ চামচ বেকিং সোডা

১ চামচ মধু বা চিনি

আধ চামচ নুন

২ চামচ সাদা তেল বা মাখন

প্রণালী

একটি পাত্রে আটা বা ওট্‌সের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা এবং নুন মিশিয়ে নিন। অন্য পাত্রে টক দই, চিনি বা মধু, মাখন বা সাদা তেল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার দইয়ের মিশ্রণটি শুকনো আটা বা ওট্‌সের মধ্যে ঢেলে ভাল করে মেখে নিন। প্রয়োজনে ১-২ চামচ জল দিতে পারেন। মাখা হলে সেটি ঢেকে রাখুন কিছু ক্ষণ। এ বার সাদা তেল বা মাখন মাখানো বেকিং প্যানে মিশ্রণটি ঢেলে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করা ওভেনে ৩০-৩৫ মিনিট বেক করতে হবে। কড়াইতেও ঢাকা দিয়ে কম আঁচে বেক করে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন