Holi Home Decoration Tips

দোলের রং লাগুক অন্দরসজ্জাতেও, অতিথি আপ্যায়নে কেমন ভাবে সাজবে ঘরের আনাচকানাচ

দোলোৎসবের আগে সেজে উঠুক অন্দরমহল। টাটকা ফুল, আবির, প্রদীপে কী ভাবে ঘরের ভোল পাল্টাতে পারেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:৩২
How to decorate your home for holi party

দোলে অন্দরসাজও হোক রঙিন ছবি: সংগৃহীত।

দোল উপলক্ষে অনেকের বাড়িতেই আসেন আত্মীয়-পরিজন। ইদানীং দোলে পার্টি করারও চল হয়েছে। কারণ যা-ই হোক, উৎসবের দিন ঘরদোর না সাজালে হয়? প্রকৃতি সেজেছে বসন্তের ফুলে। তার ছোঁয়ায় অন্দরমহলও সাজুক রঙে। দোলোৎসবে ঘর সাজাতে ছোটখাটো বদলই যথেষ্ট।

Advertisement

১। রঙের উৎসবে অন্দর হোক রঙিন। পর্দা থেকে বিছানার চাদর বদলে ফেলুন। যদি বিছানার চাদর রঙিন হয়, পর্দা হোক একরঙা কিন্তু উজ্জ্বল।

বিভিন্ন রকম কাপড় জুড়ে, সেলাই করে খুব রঙিন বিছানার চাদর পাওয়া যায়। এমন প্যাচওয়ার্কের চাদর বিছানায় পেতে নিন। আবার বিছানার চাদর, পর্দা দু’টিই প্রিন্টেড বা সুতির উপর ছাপা হতে পারে।

এই ধরনের রঙিন চাদরও দেখতে ভাল লাগবে।

এই ধরনের রঙিন চাদরও দেখতে ভাল লাগবে। ছবি:সংগৃহীত।


২। সোফার কভার বদলে, রঙিন কুশন পরিয়ে নিন। সুতোর বা লেসের কাজ করা কিংবা ঝালর দেওয়া কুশন কভার বেছে নিন। আরামদায়ক কয়েকটি শৌখিন কভারের কুশন সোফায় রাখলেই, সোফার ভোল বদলে যাবে। সামনে রাখা টেবিলে হাবিজাবি জিনিস সরিয়ে শৌখিন ট্রে কিংবা পিতলের থালায় সাজিয়ে রাখতে পারেন নানা রঙের আবির।

৩। প্রকৃতি যখন ফুলে সেজেছে, ঘরেও থাক টাটকা ফুল। দোকান থেকে জারবেরা কিংবা গাঁদার মালা কিনতে হবে না। বাগানের টাটকা ফুলও শোভা পেতে পারে। কাগজ ফুল যদি হাতের কাছে থাকে, ডালপালা-সহ একটা বড় থোকা সুদৃশ্য ফুলদানিতে বসিয়ে দিন। বাগানে আরও কোনও ফুল ফুটলে সুদৃশ্য কাচের বাটিতে জল নিয়ে তাতে সেগুলি ছড়িয়ে দিতে পারেন।

৪। অতিথি অ্যাপ্যায়নে ঠান্ডাইও কিন্তু মন্দ হবে না। রাজস্থানি সংস্কৃতির অঙ্গ ঠান্ডাই এখন বাঙালির হেঁশেলেও ঢুকে পড়েছে। রোদে রং খেললে তেষ্টা পাবেই। শরীর ঠান্ডা রাখতে, শক্তি জোগাতে রাখুন ঠান্ডাই কিংবা গন্ধরাজ লেবুর ঘোল কিংবা বাদাম দেওয়া লস্যি। ইদানীং ঠান্ডাই মিক্স বা ঠান্ডাইয়ের সিরাপ পাওয়া যায়। তা দিয়েও চটজলদি শরবত বানাতে পারেন। চাইলে মাটির গ্লাস বা ছোট কলসিতে ঠান্ডাই পরিবেশন করুন।

৫। সাজিয়ে ফেলুন খাওয়ার টেবিল। সুন্দর টেবিল ক্লথের উপরে একটি পিতলের থালায় রকমারি মিষ্টি, মুখরোচক জলখাবার থাকুক। তার পাশে শৌখিন বাতিদানে প্রদীপ সাজিয়ে রাখুন। একটি থালায় রাখুন রংও। দোলোৎসবের সঙ্গে এমন সাজ হবে মানানসই। তবে মধ্যাহ্নভোজের সময় এগুলি সরিয়ে ফেলতে হবে।

Advertisement
আরও পড়ুন