Holi Snacks Ideas

মন ভরবে স্বাদে, ভয় নেই সুগারের! এ বছর দোলের আড্ডা জমে উঠুক একটু অন্য রকম স্ন্যাক্সে

মুচমুচে স্ন্যাক্স ছাড়া দোলের সন্ধ্যা মাটি। তবে এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। বাড়িতে যদি কারও হার্টের রোগ বা সুগার থাকে, তা হলে বুঝেশুনেই খাবার বানাতে হবে। সে ক্ষেত্রে একঘেয়ে স্ন্যাক্স নয়, বরং অন্য রকম কিছু স্ন্যাক্স বানিয়ে দেখতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:৩২
Holi special healthy snacks recipes

গতানুগতিক স্ন্যাক্স নয়,অন্য রকম কিছু রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

বসন্তের আমেজ আর আবিরের রঙে চারপাশ যখন রঙিন হয়ে ওঠে, তখন বাঙালির আড্ডার মেজাজটাও থাকে তুঙ্গে। রঙের উৎসব মানেই তো ভূরিভোজ! কিন্তু দোলের এই হুল্লোড়ে অনেক সময় বাধ সাধে শরীরের কিছু সীমাবদ্ধতা। যাঁদের হার্টের রোগ আছে কিংবা রক্তে শর্করার মাত্রা একটু চড়া, উৎসবের ভাজাভুজি বা অতিরিক্ত মিষ্টির থালা দেখে তাঁদের মনটা একটু খারাপ হওয়াই স্বাভাবিক। তবে উৎসব মানেই কিন্তু অনিয়ম নয়। রান্নার কৌশলে সামান্য বদল আনলেই স্বাদ ও স্বাস্থ্য দু’টিই বজায় রাখা সম্ভব। ডুবো তেলে ভাজা স্ন্যাক্সের বদলে ভাপা বা অল্প তেলে সাঁতলানো খাবারও মন্দ নয়। আড্ডা হবে জমজমাট, শরীরও থাকবে ফিট, এমন কিছু স্ন্যাক্সের রেসিপি রইল।

Advertisement

স্বাস্থ্যকর স্ন্যাক্স মানেই রোস্টেড মাখানা, ছোলার চাট বা দইবড়ার কথাই মাথায় আসে। গতানুগতিক রান্নার বাইরে অন্য কিছুও বানিয়ে ফেলতে পারেন। উপকরণ সামান্য, শুধু রন্ধনপ্রণালীতে কিছু বদল আনা প্রয়োজন।

বেকড ওট্‌স অ্যান্ড ভেজিটেবল কাটলেট

এটি সাধারণ আলু টিক্কির এক স্বাস্থ্যকর বিকল্প। আলুর বদলে এখানে ওট্‌স এবং প্রচুর সবুজ সব্জি ব্যবহার করতে পারেন। ওট্‌স শুকনো খোলা নেড়ে আগে গুঁড়িয়ে নিন। যত জনের জন্য বানাবেন, তেমন মাপেই উপকরণ নেবেন। সঙ্গে লাগবে গাজর, বিন,ক্যাপসিকাম, ব্রকোলি। সব সব্জি কুচিয়ে নিতে হবে। সব্জি সেদ্ধ করে তাতে নুন, হলুদগুঁড়ো, আদা-কাঁচালঙ্কা বাটা, ধনে ও জিরেগুঁড়ো ও সামান্য গোলমরিচ দিয়ে মেখে নিন। এ বার মাখা সব্জি ওট্‌সের গুঁড়ো দিয়ে মেখে গোল গোল টিক্কির মতো গড়ে নিন। প্যানে সামান্য অলিভ অয়েল বা ঘি মাখিয়ে এ পিঠ, ও পিঠ ভেজে নিন। চাইলে এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারেন।

পালং-পনিরের তন্দুরি টিক্কা

পনির প্রোটিনের ভাল উৎস এবং পালং শাক আয়রনে ভরপুর। পালং-পনিরের টিক্কা যেমন মুখরোচক, তেমনই সঠিক ভাবে বানাতে পারলে পুষ্টিকরও। প্রথমে ২০০ গ্রামের মতো পনির নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। পালং শাক ধুয়ে জল ঝরিয়ে সামান্য আদা, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে বেটে নিন। এক কাপের মতো দই ফেটিয়ে রাখুন। এ বার পনিরের টুকরোগুলি দই ও পালং শাকের মিশ্রণে মাখিয়ে ভাল করে ম্যারিনেট করে রেখে দিন। গ্রিল প্যানে হালকা করে সেঁকে নিন।

সুস্বাদু স্ন্যাক্সও তৈরি করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে।

সুস্বাদু স্ন্যাক্সও তৈরি করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে। ছবি: ফ্রিপিক।

পালং-মেথি মুঠিয়া

গুজরাতি খাবারটি ভাপিয়ে রান্না করা হয়। এর জন্য লাগে বেসন, আটা, কুচনো পালং শাক ও মেথি শাক, আদা-কাঁচালঙ্কা বাটা, সামান্য দই ও লেবুর রস। সব উপকরণ ভাল করে মেখে গোল গোল বা লম্বাটে রোলের মতো করে গড়ে নিতে হবে। এ বার এই রোলগুলি ভাপিয়ে নিন। ঠান্ডা হলে ছোট টুকরো করে কেটে নিন। প্যানে সামান্য তেল দিয়ে তাতে সর্ষে, কারিপাতা ফোড়ন দিয়ে টুকরোগুলি হালকা করে ভেজে নিন।

রাগির ধোকলা

রাগির আটা দিয়ে ধোকলা তৈরি করতে পারেন। এই স্ন্যাক্স ডায়াবিটিসের রোগীদের জন্যও ভাল। কটি বড় পাত্রে রাগির আটা, সুজি, টক দই, আদা-লঙ্কাবাটা এবং নুন ভাল করে মেশান। মাপমতো জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এতে ইনো বা সামান্য বেকিং সোডা মেশাতে পারেন। একটি বড় পাত্রে জল ফুটতে দিয়ে তার উপর স্ট্যান্ড রেখে ধোকলার পাত্রটি ঢাকা দিয়ে বসিয়ে দিন। ১০-১৫ মিনিট ভাপে রান্না হতে দিন। মাইক্রোওয়েভ অভেনেও রান্নাটি করা যায়। মাইক্রোওয়েভে রান্না করা যায়, এমন কাচের পাত্রে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে ৪-৫ মিনিট রান্না করলেই ধোকলা তৈরি হয়ে যাবে। এর পর সাদা তেলে সামান্য সর্ষে, কাঁচালঙ্কা, কারিপাতা, হিং ফোড়ন দিন। তার পর সেটি ধোকলার উপর ছড়িয়ে দিন। উপর থেকে ধনেপাতাকুচি, নারকেলকোরা ছড়িয়ে চৌকো করে কেটে সেদ্ধ কাঁচালঙ্কা আর মিষ্টি সস দিয়ে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন