ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সপ্তাহান্ত আনন্দে কাটাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মালবনে। সেখানে থাকার জন্য একটা রিসর্ট ভাড়া করেছিলেন তাঁরা। কিন্তু সেই ঘুরতে যাওয়াই যে তাঁর শেষ ঘুরতে যাওয়া হবে তা বুঝতে পারেননি ২৫ বছর বয়সি তরুণ এবং তাঁর বন্ধুরা। রিল বানানোর চক্করে রিসর্টের ছোট্ট এক ঘরের চাল থেকে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিলেন তরুণ। এই ঝাঁপই তাঁর কাল হয়ে দাঁড়ায়। পুলটির গভীরতা বেশি ছিল না। সেই কারণে পুলের মেঝেয় গিয়ে ধাক্কা খেয়ে প্রাণ হারান তরুণ। সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৫ বছর বয়সি সেই তরুণের নাম শেরনিক মিলিন্দ টাকালে। মহারাষ্ট্রের মালভান তালুকের বৈরি গ্রামের এক রিসর্টে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সুইমিং পুলে নেমে রিল বানাতে গিয়ে ঘটে অঘটন। শেরনিককে উদ্ধার করে তাঁর বন্ধুরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইমিং পুলের জলে অর্ধেক দেহ নিমজ্জিত করে দাঁড়়িয়ে রয়েছেন দুই তরুণ। হিন্দি গানের সঙ্গে ঠোঁট এবং হাত নাড়িয়ে রিল তৈরি করছেন তাঁরা। এ বার ক্যামেরা ঘুরল সুইমিং পুলের পাশে থাকা নারকেলগাছের নীচে দাঁড়ানো তরুণের দিকে। তিনিও নেচে দেখালেন। এর পর ক্যামেরা ঘুরল সেই পুলের পাশে থাকা ছোট্ট ঘরের চালে দাঁড়ানো তরুণের দিকে। তিনি নাচতে নাচতে হুট করে সুইমিং পুলে ঝাঁপ মারলেন। ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে তিনি জলে ডুবে গেলেন। কিন্তু জলের তলা থেকে তরুণকে আর উঠতে দেখা গেল না। তরুণের বন্ধুরা তখনও রিল বানিয়ে চলেছেন। কিছু ক্ষণ পর তাঁরা দেখলেন তাঁদের বন্ধু জলের উপর ভেসে উঠলেন। তৎক্ষণাৎ তাঁরা রিল বানানো বন্ধ করে তাঁর দিকে ছুটে গেলেন। কিন্তু তত ক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৩ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। সাড়ে ছয় হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। তরুণের মা-বাবার কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকেরা।