ইনস্টাগ্রামে প্রোফাইল সাজান নিজের মতো। ছবি: এআই সহায়তায় তৈরি।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান। অবশেষে এমন একটি বৈশিষ্ট্য চালু করেছে ইনস্টাগ্রাম, যাতে নিজের প্রোফাইলের পোস্টগুলি ইচ্ছামতো সাজানো যাবে। এত দিন পর্যন্ত কোনও ছবি বা ভিডিয়ো এক বার পোস্ট হয়ে গেলে তা সময়ের ক্রম অনুযায়ী প্রোফাইলে থেকে যেত। বিশেষ কোনও পোস্টকে আগে ঠাঁই দিতে হলে শুধু ‘পিন’ করার সুযোগ ছিল। এখন সেই সীমাবদ্ধতা আর নেই।
ইনস্টাগ্রামে নতুন ফিচার। ছবি: সংগৃহীত
নিজের প্রোফাইল গ্রিডের পোস্ট অদলবদল করা যাবে সহজ পন্থায়। সময়ক্রম নয়, আপনার ইচ্ছাই প্রাধান্য পাবে তাতে। ধরা যাক, গত ডিসেম্বরে একটি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে, আবার জানুয়ারিতে একটি, ফের একেবারে জুন মাসে। আপনার প্রোফাইলে সময়ের ক্রম মেনে ডিসেম্বরেরটি আগে, তার উপরে জানুয়ারির পোস্ট, শেষে জুনেরটা সাজানো রয়েছে। এ ভাবেই সাজানো থাকত এত দিন। কিন্তু এখন এমন সুবিধা দেওয়া হচ্ছে, যাতে চাইলে ডিসেম্বরের পোস্টটি প্রোফাইলের একেবারে উপরে দেখা যাবে। তার জন্য কেবল ক্রম অদলবদল করলেই হবে। ‘পিন’ করা বা মাঝের পোস্ট ডিলিট করার আর দরকার নেই তাতে।
অদলবদল করতে পারেন পোস্ট। ছবি: সংগৃহীত
প্রোফাইলের গ্রিডে পোস্ট আগুপিছু করার কৌশলের ধাপগুলি—
· পোস্টের অবস্থান বদলানোর জন্য প্রথমেই ইনস্টাগ্রাম খুলে নিজের প্রোফাইলে যান।
· যে কোনও পোস্টের উপর কিছু ক্ষণ আঙুল চেপে রাখুন। তাতে একটি পপ-আপ মেনু খুলবে।
· সেখান থেকে গ্রিডের বিন্যাস বদলানোর (রিঅর্ডার গ্রিড) অপশনটি বেছে নিন।
· এ বার পোস্টগুলিকে টেনে টেনে পছন্দমতো জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিন। সেগুলি স্থান বদল করবে।
· প্রয়োজনমতো সাজিয়ে নেওয়ার পরে পরিবর্তনটি দেখা যাবে সঙ্গে সঙ্গেই।
· আগে থেকে পিন করা পোস্টগুলি উপরের দিকেই থাকবে। সেগুলি এই বিন্যাসের প্রভাবে বদলাবে না।
· অন্য পোস্টগুলিকে তাদের নীচে সাজানো যাবে।
· পোস্টের তারিখ ও সাল কিছুই বদলাবে না। নীচে সেটা আগের মতোই লেখা থাকবে।
ইনস্টাগ্রাম জানিয়েছে, এই সুবিধা ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। সর্বশেষ সংস্করণটি ব্যবহার করতে হবে এই বৈশিষ্ট্যটি পেতে গেলে। এর ফলে প্রোফাইল গ্রিডটি রং মিলিয়ে সাজাতে পারেন, অথবা প্রয়োজনমতো এক ধরনের পোস্ট পর পর রাখতে পারেন, বা একটি বড় ছবির টুকরো টুকরো অংশ পাজ়লের মতো সাজাতে পারেন। আলোকচিত্রী, মডেল, ব্যবসায়ী, কন্টেন্ট স্রষ্টাদের জন্য এই ফিচার খুবই কাজের হতে চলেছে।