Invisible Induction Cooktop

হাত দিলে ঠান্ডা, পাত্র রাখলেই রান্না! অদৃশ্য উনুনের প্রযুক্তি হেঁশেলে, রাঁধার কৌশল ঠিক কেমন হবে

‘ইনভিজ়িবল ইন্ডাকশন’ বা অদৃশ্য ইন্ডাকশন। রান্নাঘরের একটি আধুনিক প্রযুক্তি এটি। শুনতে খানিক কল্পবিজ্ঞানের মতো লাগলেও, এটিই এখন বিশ্বের নতুন রান্নাঘর-প্রযুক্তির অন্যতম আলোচিত বিষয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১১:১৫
অদৃশ্য ইন্ডাকশন কী ভাবে কাজ করে?

অদৃশ্য ইন্ডাকশন কী ভাবে কাজ করে? ছবি: সংগৃহীত।

রান্নাঘরে ঢুকে কোথায় উনুন, কোথায় রান্নার জায়গা— তা বোঝার কোনও উপায় নেই। চকচকে পাথরের কাউন্টারটপের উপরেই কাটাকুটি, বাটা, পরিবেশন— সব চলছে। অথচ প্রয়োজন পড়লে সেই কাউন্টারটপটিই হয়ে উঠছে রান্নার উনুন। শুনতে খানিক কল্পবিজ্ঞানের মতো লাগলেও, এটিই বিশ্বের নয়া রান্নাঘর-প্রযুক্তির অন্যতম আলোচিত বিষয়— ‘ইনভিজ়িবল ইন্ডাকশন’ বা অদৃশ্য ইন্ডাকশন।

Advertisement
রান্না হবে এই স্ল্যাবেই।

রান্না হবে এই স্ল্যাবেই। ছবি: সংগৃহীত

কী এই অদৃশ্য ইন্ডাকশন?

রান্নাঘরের একটি আধুনিক প্রযুক্তি। যেখানে রান্নার হিটিং কয়েলটি পুরোপুরি কাউন্টারটপ বা রান্নাঘরের স্ল্যাবের নীচে লুকোনো থাকে। ফলে বাইরে থেকে কোনও বার্নার দেখা যায় না। স্ল্যাবের উপরটা একেবারে মসৃণ ও ফাঁকা থাকে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল, রান্না শেষ হওয়ার পর পুরো কাউন্টারটপটি সাধারণ টেবিল বা কাজের জায়গা হিসাবে ব্যবহার করা যায় এবং কোনও খাঁজ বা বোতাম না থাকায় এটি পরিষ্কার করাও অত্যন্ত সহজ।

প্রচলিত ইন্ডাকশন কুকটপে কালো কাচের প্যানেল বা বার্নার স্পষ্ট দেখা যায়। কিন্তু এই প্রযুক্তিতে ইন্ডাকশনের কয়েলগুলি বসানো থাকে পাথর বা বিশেষ সেরামিক কাউন্টারটপের নীচে। ফলে উপরে থেকে দেখলে সেটি সাধারণ রান্নাঘরের স্ল্যাব ছাড়া কিছুই মনে হয় না। কোনও দৃশ্যমান বার্নার, কাচের প্যানেল বা উঁচু অংশ, কিছুই থাকে না। কিছুই চোখে পড়বে না।

ইনভিজ়িবল ইন্ডাকশন।

ইনভিজ়িবল ইন্ডাকশন। ছবি: সংগৃহীত

কী ভাবে কাজ করে?

প্রযুক্তির মূল ভিত্তি অবশ্য একটাই— ইন্ডাকশন। অর্থাৎ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে পাত্রকে গরম করা হয়। তবে যেখান থেকে তাপ উৎপাদন হয়, সেই অংশটি থাকে কাউন্টারটপের নীচে। পার্থক্য কেবল এটিই।

হঠাৎ করে না দেখে হাত দিয়ে ফেললে পুড়ে যাবে না?

সমাজমাধ্যমের একাধিক রিল বা ভিডিয়োয় দেখা গিয়েছে, স্ল্যাবের উপর হাত দিয়ে কোনও তাপই টের পাওয়া গেল না। আবার সেই একই জায়গায় একটি কালো মোটা প্যাড রেখে তার উপর প্যান রেখে দিলেই রান্না হতে শুরু করেছে। কিন্তু এই চৌম্বক ক্ষেত্রটিতে হাত দিলে কোনও তাপ টের পাওয়া যায় না। ওই কালো প্যাডটি সিলিকনের তৈরি। সেটি মূলত দু’টি কাজ করে। এটি কাউন্টারটপের পাথরকে দাগের হাত থেকে রক্ষা করে এবং রান্নার পাত্রটি যেন সঠিক জায়গায়, অর্থাৎ কয়েলের ঠিক উপরে বসে, তা ঠিক রাখে। যখনই ওই প্যাডের উপর লোহা বা স্টিলের পাত্র রাখা হয়, তখন ওই অদৃশ্য চৌম্বক ক্ষেত্রটি সরাসরি প্যানের ধাতব অণুগুলির সংস্পর্শে এসে দ্রুত কম্পন শুরু করে। এই ঘর্ষণের ফলে কেবল পাত্রটি নিজেই উত্তপ্ত হয়ে ওঠে, চারপাশের বাতাস বা পাথর গরম হয় না।

কেন এত জনপ্রিয় হচ্ছে?

বিশ্ব জুড়ে আধুনিক রান্নাঘরের নকশায় এখন বাহুল্যবর্জিত সৌন্দর্যের চাহিদা বেড়েছে। রান্নাঘরে দৃশ্যমান যন্ত্রপাতি কম থাকলে জায়গাটি বড় ও পরিচ্ছন্ন দেখায়। উপরন্তু, সমতল পৃষ্ঠ হওয়ায় পরিষ্কার করাও তুলনামূলক সহজ।

অসুবিধা কী?

এই প্রযুক্তির জন্য বিশেষ ধরনের কাউন্টারটপ প্রয়োজন হয়। সব পাথরের উপর এটি কাজ করে না। পাশাপাশি, এর দাম এখনও বেশি। রান্নার জায়গাগুলি দৃশ্যমান না হওয়ায় অভ্যস্ত হতে সময় লাগতে পারে। আর সব জায়গায় এখনও পাওয়া যায় না এই ইন্ডাকশন। তবে সমাজমাধ্যমে জনপ্রিয়তা দেখে বোঝা যাচ্ছে শীঘ্রই বাজারে চলে আসবে এই প্রযুক্তি।

Advertisement
আরও পড়ুন