Bengal election celebrity voter

ভাতা দিলে সংসার চালানোর মতো দিতে হবে! দেড়-দু’হাজারে হবে না! বললেন রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু

তাঁরাও ভোটার। তবে তাঁদের ভাবনা-চিন্তা অনেককে দিশা দেখায়। রাজ্যে বিধানসভা ভোটের মরসুমে তেমনই কয়েক জন তারকা ভোটারের কাছে ১৩টি প্রশ্ন নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। এ দফায় উত্তর দিলেন টলিউডের রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:১০
তারকাদের নিয়ে কী মত টলিউডের রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুর।

তারকাদের নিয়ে কী মত টলিউডের রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুর। ছবি: সংগৃহীত।

১. মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান?

সোমনাথ কুন্ডু: নতুন কোনও তরুণ মুখ দেখতে চাই। সেটা শাসকদলের হতে পারে বা নতুন কোনও দল থেকেও হতে পারে।

Advertisement

২. দল দেখে ভোট দেন না কি প্রার্থী দেখে?

সোমনাথ: আমি সব সময়ে প্রার্থী দেখে ভোট দিই।

৩. প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হলে কেমন হয়? আর জেতার পরে যদি হয় বিধায়কের প্রশিক্ষণ?

সোমনাথ: প্রার্থীর যোগ্যতা তো শিক্ষা দিয়ে বিচার করা যায় না। অনেক কম শিক্ষিত মানুষও ভাল কাজ করেন। যা শিক্ষিত মানুষ করেন না। তাই রাজনৈতিক প্রশিক্ষণ দরকার, যাতে মানুষের কাজটা ভাল ভাবে হয়।

৪. নিজে বিধায়ক হলে কী বদলাতে চাইতেন?

সোমনাথ: মানুষের রুজি-রুটির ব্যাপারটা নিশ্চিত করতাম। আর দেখতাম যেন মহিলারা কাজ শেষে যে কোনও সময়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে। বিপদের ভয়ে যেন তাদের বাড়ি ফেরার সময় বেঁধে দিতে না হয়।

 ৫. আপনার পেশার জগতের কোনও অভিযোগ কি ভোট প্রচারে গুরুত্ব পাওয়া দরকার?

সোমনাথ: আমি মনে করি ফিল্ম ইন্ডাস্ট্রি ভোটের রাজনীতির বাইরেই থাকা উচিত। সমস্যা অনেক আছে। কিন্তু তা ভোটের প্রচারে সামনে আসার মতো নয়।

৬. নির্বাচন প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে পারে কী কী?

সোমনাথ: মানুষ স্বাধীন ভাবে যে রায় দিচ্ছে, তা মেনে নেওয়ার মতো মন তৈরি করতে হবে। কারণ, সেটাই সমস্যার মূলে। শয়তান প্রত্যেকের মধ্যেই রয়েছে, কিন্তু তাকে সরিয়ে ভগবানবোধটাকে জাগানো দরকার।

৭. ঘন ঘন দলবদলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার?

সোমনাথ: যে দলের কর্মীরা পরিশ্রম করে জেতাল, তাঁদের সঙ্গে নেতা বিশ্বাসঘাতকতা করতে পারেন না। আইন হওয়া উচিত, ভোটে জিতলে দলে থেকে ৫ বছর কাজ করতেই হবে। দায়িত্ব নিয়ে ফেলে পালানো যাবে না।

৮. রাজনীতিতে অপশব্দের প্রয়োগ কি জরুরি?

সোমনাথ: এটা আসলে সভা গরম করার জন্য বলেন নেতা-নেত্রীরা। কিন্তু এটাও আইন করেই বন্ধ করা উচিত।

৯. দেশজ সংস্কৃতি, উন্নয়ন না কি সমান অধিকার— ভোট প্রচারে কোনটা বেশি গুরুত্বপূর্ণ?

সোমনাথ: ঘরে ঘরে শিক্ষা, কর্মসংস্থান, পর্যাপ্ত খাদ্য-পানীয় আর নিরাপদ বাসস্থান। সোজা কথায় ‘রোটি-কপড়া-মকান’— এটাই বেশি গুরুত্ব পাওয়া উচিত।

১০. ভাতা-র রাজনীতি সমাজের উন্নতি করে কি?

সোমনাথ: ভাতা তাঁদের পাওয়া উচিত, যাঁরা অপারগ, বৃদ্ধ, পরিবারে রোজগার করার কেউ নেই। তবে সেটা দেড়-দু’হাজারে হবে না। সংসার চালানোর মতো অর্থ দিতে হবে। কিন্তু যাঁরা কর্মঠ, তাঁদের ভাতার লাইনে দাঁড় করানো মানে আসলে সরকারের বিরুদ্ধে মুখ বন্ধ করা।

১১. প্রায় বিরোধীশূন্য রাজনীতি কি স্বাস্থ্যকর?

সোমনাথ: বিরোধীরা না থাকলে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে কে?

১২. তারকারা কি ভোট টানার শর্টকাট?

সোমনাথ: রাজনৈতিক দল তারকাদের দিয়ে মানুষের মন ভোলায়। তারকারা প্রচারে বাড়ির দোরগোড়ায় যাবে। মানুষ মুগ্ধ হবে। রাজনৈতিক দলগুলো সেই স্টারডম ব্যবহার করে ভোটটা নিতে চায়।

১৩. পছন্দের রাজনীতিবিদ কে?

সোমনাথ: এখন যাঁরা রাজনীতি করেন, তাঁরা শুধু নিজেদের কেরিয়ার গোছাতে রাজনীতি করেন। আমার আদর্শ সুভাষচন্দ্র বসু, লালবাহাদুর শাস্ত্রী। যাঁদের মানুষের অধিকার নিয়ে বলার সাহস ছিল।

Advertisement
আরও পড়ুন