এক সময় এই কুকুরই নজর কেড়েছিল একটি মোবাইল সংস্থার বিজ্ঞাপনে। ছোট্ট সারমেয়টিকে পছন্দ করেন অনেকেই। পোষ্য হিসেবে বেছেও নিন। পাগ কিন্তু গরমে মোটেই ভাল থাকে না। তাই এমন সারমেয় কেনার আগে, গরমে তাদের কী ধরনের সমস্যা হয়, জেনে রাখা ভাল।
১। পাগের মুখটা থ্যাবড়া গোছের, সব সময় জিভ বার করে রাখে। আসলে কুকুরের কোনও ঘর্মগ্রন্থি না থাকায়, জিভ বার করে তারা শরীর ঠান্ডা রাখে। আর পাগ একটুতেই হাঁপিয়ে যায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় খানিক চলাফেরা করলেই তারা হাঁপিয়ে ওঠে। বেশি দৌড়ঝাঁপ করলেও তারা ক্লান্ত হয়ে পড়তে পারে। ফলে পাগকে রাখতে হবে ঠান্ডা, আরামদায়ক পরিবেশে। তাদের দিয়ে বেশি শারীরিক কসরত করানো যাবে না।
২। পাগের চোখগুলি গোল এবং আকর্ষণীয়। এদের চোখগুলি অন্য প্রজাতির কুকুরের চেয়ে কিছুটা সামনের দিকে বেরিয়ে থাকে। ফলে সামান্য ধুলো, ময়লা পড়লেই চোখে সমস্যা হতে পারে। চোখ লাল দেখলে বা জল পড়তে শুরু করলে দ্রুত সতর্ক হওয়া জরুরি।
৩। পাগ খেতে পছন্দ করে। অন্য অনেক সারমেয়রও মতো বুঝতেই পারে না, কখন খাওয়া থামাতে হবে। যতটা দেওয়া হবে, খেয়ে নিতে পারে। ফলে পাগের ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে। ওজন বাড়লে ক্লান্তি আসবে তাড়াতাড়ি। স্থূলত্ব ডেকে আনতে পারে একাধিক সমস্যা।
৪। পাগের মুখে ও কপালে অনেক ভাঁজ থাকে। ফলে তার গা পরিষ্কার করানোর সময় ভাঁজগুলিকেও পরিষ্কার করা প্রয়োজন। না হলে ময়লা জমে সংক্রমণের ভয় থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে, পদ্ধতি জেনে কাজটি করা প্রয়োজন।
৫। পাগ দ্রুত বড় হয়। আবার তাকে বেশি দৌড়ঝাঁপ করানো যায় না। বাড়তি শারীরচর্চাও তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেই কারণ, এই কুকুর অস্থিসন্ধির সমস্যায় ভোগ। ছোট থেকেই তার ওজন ঠিক রাখা প্রয়োজন।