আপনার সঙ্গী কি সম্পর্কে বাঁধতে চাইছেন না? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রেমে পড়া যত সহজ, ‘প্রেম করা’ ততই কঠিন। প্রতিনিয়ত পরীক্ষার মুখোমুখি হতে হয়। দু’টি মানুষের চাওয়াপাওয়াকে এক জায়গায় আনা সহজ কাজ নয়। প্রেমের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দায়বদ্ধতা। কিন্তু অনেক সময় দেখা যায়, সম্পর্কে থাকলেও কেউ কেউ সেই দায়বদ্ধতা থেকে বার বার পিছিয়ে যান। মনোবিজ্ঞানের লব্জে একে বলা হয় ‘কমিটমেন্ট ফোবিয়া’— অর্থাৎ, সম্পর্কের দায়িত্ব নেওয়ার ভয়। এঁরা যে সর্বদাই সম্পর্ককে এড়িয়ে চলেন, তা নয়। কিন্তু সম্পর্ক গভীর হওয়ার কথা উঠলেই অস্বস্তি বোধ করেন। ফলে সম্পর্ক থাকলেও তা কখনও স্থির বা স্পষ্ট রূপ পায় না।
আপনি যদি এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকেন, তা হলে বার বার মনে হবে, সঙ্গীর থেকে কয়েক পা এগিয়ে রয়েছেন আপনি। সঙ্গী খানিকটা পিছিয়ে। হয়তো সত্যের থেকে খানিকটা দূরে রয়ে যাচ্ছেন সব সময়ে। কিন্তু যত তাড়াতাড়ি ‘কমিটমেন্ট ফোবিয়া’কে চিনতে পারবেন, ততই আপনার জন্য তা স্বাস্থ্যকর। যদি আপনার সঙ্গী সম্পর্কের দায়িত্ব নিতে ভয় পেয়ে থাকেন, অথচ বলে উঠতে না পারেন, তা হলে তাঁর মধ্যে এই লক্ষণগুলি লক্ষ করা যেতে পারে—
সঙ্গীকে চেনার চেষ্টা করুন। ছবি: সংগৃহীত
১. আগের সব সম্পর্কই স্বল্পদৈর্ঘ্যের
যাঁদের কমিটমেন্টের ভয় থাকে, তাঁদের অতীতের সম্পর্কগুলি অনেক সময়ই খুব অল্প সময়ের হয়। দীর্ঘমেয়াদি সম্পর্কের বদলে তাঁরা একের পর এক ছোট সময়ব্যাপী সম্পর্কেই জড়িয়ে পড়েন। তাঁরা যে কারণগুলি জানাবেন, সেগুলির সবকটিই যুক্তিযুক্ত। তা নিয়ে সন্দেহ নেই। কখনও দু’জনের চাহিদা আলাদা, কখনও ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়ে যাওয়া, অথবা বিশ্বাসের ঘাটতি— নানা কারণের পরেও প্রত্যেকটি সম্পর্কই খুব তাড়াতাড়ি শুরু হয়ে গিয়ে শেষও হয়ে গিয়েছে। কম কালদৈর্ঘ্যের সম্পর্ক মানেই ব্যক্তি খারাপ, এমনটা ভেবে নেওয়াও উচিত নয়। কিন্তু সঙ্গীর মনের ভিতরটা বোঝার জন্য এই ইতিহাস কাজে আসতে পারে। আবার কখনও কখনও দেখা যায়, আগের একাধিক সম্পর্ক বেশ ধূসর। মানে, তিনি আদৌ প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কি না, সে বিষয়ে স্পষ্টতার অভাব রয়েছে।
২. ভবিষ্যতের পরিকল্পনা করতে চান না
আগামী সপ্তাহের কোনও অনুষ্ঠান বা কয়েক দিন পরের ডেট, এমন সাধারণ পরিকল্পনাও অনেক সময় তাঁদের অস্বস্তিতে ফেলে। তাই তাঁরা সাধারণত শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। কোনও কিছুতে স্পষ্ট করে ‘হ্যাঁ’ বলেন না তাঁরা। বেশির ভাগ ক্ষেত্রেই ‘হয়তো’, ‘দেখা যাবে’, ‘সম্ভবত’— এই ধরনের অস্পষ্ট উত্তরই বেশি শোনা যায়। তা ছাড়া সম্পর্কটি কোন দিকে এগোচ্ছে, ভবিষ্যতে কী ভাবে সম্পর্কটিকে দেখতে চান, এই ধরনের সংলাপে নিজেকে জড়াতেই চান না তাঁরা। এ সবে দমবন্ধ লাগে তাঁদের।
আপনার সঙ্গীর ‘কমিটমেন্ট ফোবিয়া’ নেই তো? ছবি: সংগৃহীত
৩. শারীরিক ঘনিষ্ঠতা থাকলেও মানসিক দূরত্ব থাকে
তাঁরা ঘনিষ্ঠ সম্পর্ক চাইতে পারেন, কিন্তু আবেগের দিক থেকে খুব বেশি কাছে আসতে চান না। ফলে সম্পর্ক অনেক সময়েই শুধুই বাহ্যিক ঘনিষ্ঠতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। মনের দিকে বেশি কাছে যেতে ভয় পান তাঁরা। পালানোর পথ সব সময়েই খোলা থাকে তাই তাঁদের।
৪. ‘ভালবাসা’ শব্দটি এড়িয়ে চলেন
অনুভূতি প্রকাশ করতে তাঁরা অস্বস্তি বোধ করেন। ফলে অনেক সময়েই ‘ভালবাসি’ বলা বা আবেগ প্রকাশ করা থেকে দূরে থাকেন। এক বার বলে ফেললে সম্পর্কের বাঁধনে জড়িয়ে পড়ার ভয় থাকে। তাই সে দিকে পা মাড়াতে চান না তাঁরা।
৫. আচরণ অনেক সময়ই অপ্রত্যাশিত
এক দিন খুব ঘনিষ্ঠ, আবার পরের দিন হঠাৎ দূরে সরে যাওয়া— এই ধরনের আচরণ ‘কমিটমেন্ট ফোবিয়া’র সাধারণ লক্ষণ। ফলে সঙ্গীর কাছে আচরণ অনেক সময়ে অপ্রত্যাশিত মনে হয়। আসলে ঘনিষ্ঠ হতে ইচ্ছে করলেও আদপে তাঁরা ভয় পান। বেশি কাছে চলে গেলে দূরে সরতে বেশি কসরত করতে হতে পারে, সেই ভাবনা থেকে এক প্রকার আতঙ্ক গ্রাস করে থাকে এঁদের।
মনোবিজ্ঞানীরা মনে করেন, ‘কমিটমেন্ট ফোবিয়া’র পিছনে নানা কারণ থাকতে পারে— শৈশবের অভিজ্ঞতা, আগের সম্পর্কের আঘাত বা স্বাধীনতা হারানোর ভয় তার মধ্যে অন্যতম। তাই এই সমস্যা নিয়ে খোলামেলা কথা বলা এবং প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়া উচিত।