Manushi Chhillar

একা লাগত! তাই নতুন বাড়ি কিনে পুরো পরিবারকে সঙ্গে এনে রেখেছেন অভিনেত্রী মানুষী চিল্লর

তারকারা কী খান, কী পরেন, কেমন ভাবে থাকেন, এ সবই ভক্তদের কাছে আগ্রহের বিষয়। বহু তারকাই সেই আগ্রহে সাড়া দিয়ে নিজের ব্যক্তিগত সময় কাটানোর আশ্রয়ের অলিগলিতে সফর করান। যার একটি গালভরা নামও আছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:৪৪
একাকিত্ব ঘোচানোর সহজ মন্ত্র শেখালেন মানুষী চিল্লর।

একাকিত্ব ঘোচানোর সহজ মন্ত্র শেখালেন মানুষী চিল্লর। ছবি: সংগৃহীত।

কর্মসূত্রে শৈশবের ঠিকানা ছেড়ে, পরিবার ছেড়ে নতুন পরিবেশে এসে সম্পূর্ণ একা।

Advertisement

প্রথম প্রথম বাঁধনহীন স্বাধীনতার উত্তেজনা থাকলেও দিন গড়ালে চেপে বসতে শুরু করে নানা দায়িত্ববোধ। পাশাপাশি একটা শূন্যতাবোধও কাজ করে। যা এর আগে চেনামুখগুলো নিয়ম করে দেখতে পেলে হত না। কেউ কেউ ওই শূন্যতা পূরণ করেন বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে। কিন্তু সবাই তো আর একই ভাবে মিশতে পারেন না! তাঁরা নিঃসঙ্গতায় ভুগতে থাকেন। প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী এবং বলিউডের অভিনেত্রী মানুষী চিল্লর এই দ্বিতীয় দলে পড়েন।

সম্প্রতি মানুষী মুম্বইয়ে তাঁর নতুন বাড়ির কিছু ছবি প্রকাশ্যে এনেছেন অনুরাগীদের জন্য। তারকারা কী খান, কী পরেন, কেমন ভাবে থাকেন, এ সবই ভক্তদের কাছে আগ্রহের বিষয়। বহু তারকাই সেই আগ্রহে সাড়া দিয়ে নিজের ব্যক্তিগত সময় কাটানোর আশ্রয়ের অলিগলিতে সফর করান। যার একটি গালভরা নামও আছে। ‘হোম ট্যুর’। অর্থাৎ তারকাদের নিবাস-সফর। মানুষীও তাঁর মুম্বইয়ের ‘বাসা’র দরজা খুললেন। দেখা গেল সেখানে আসবাবপত্রের ঘনঘটা নেই। তবে তার বদলে আছে আপনজনের স্পর্শ আর ভালবাসা।

নতুন বাড়িতে বাবা-মা আর ভাইয়ের সঙ্গে মানুষী চিল্লর।

নতুন বাড়িতে বাবা-মা আর ভাইয়ের সঙ্গে মানুষী চিল্লর।

মানুষী জানিয়েছেন, দিল্লি থেকে মুম্বইয়ে এসে ভীষণই নিঃসঙ্গতায় ভুগতে শুরু করেন। ঠিক করেন পরিবারের সবাইকে নিজের কাছে এনে রাখবেন। বাড়িতে তাঁর বাবা-মা ছাড়াও ভাই আছেন। আছেন বিবাহিত দিদি। মুম্বইয়ে তাঁর কাছে এসে থাকতে যাতে এঁদের কারও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই একটি বাড়ি কিনেছেন মানুষী।

ভাইয়ের সঙ্গে মানুষী।

ভাইয়ের সঙ্গে মানুষী।

বাড়িটি বান্দ্রা আর অন্ধেরীর মাঝামাঝি এলাকায় একটি আবাসনের ৩৬ তলায়। তাতে ৫টি বড় আর একটি মাঝারি বেডরুম রয়েছে। এ ছাড়া রয়েছে একটি বড় হল, রান্নাঘর আর একাধিক স্নানঘর-শৌচালয়। বাড়িতে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নিজস্ব জায়গা রয়েছে। বাবা-মায়ের নিজস্ব ঘরের পাশাপাশি রয়েছে বাবার জন্য আলাদা স্টাডিরুম। কারণ তিনি পেশায় চিকিৎসক। নিজস্ব স্টাডি দিল্লির বাড়িতেও ছিল তাঁর। বয়সে ছোট ভাইয়ের জন্যও আলাদা ঘর আছে। আর একটা অতিথিদের থাকার ঘর। এসে থাকেন দিদি-জামাইবাবু। এর মধ্যেই মানুষী নিজের জন্য একটি শোয়ার ঘর, একটি স্টাডি, একটি ভ্যানিটি অর্থাৎ যেখানে তাঁর নিজস্ব পোশাক-আশাক এবং মেক আপ করার জায়গা থাকবে এবং একটি আর্ট স্টুডিয়ো রেখেছেন। যেখানে অবসরে ছবি আঁকেন মানুষী।

দিদির জন্যও ঘর সাজিয়ে রাখেন অভিনেত্রী।

দিদির জন্যও ঘর সাজিয়ে রাখেন অভিনেত্রী।

বাড়ির সবার সঙ্গে খাওয়াদাওয়া, আড্ডা দেওয়া, সিনেমা দেখার জন্য রয়েছে একটি বড় হল ঘর। তার একদিকে বাহুল্যবর্জিত আট জনের বসার ডাইনিং টেবিল। কাচের জানলার পর্দা সরালেই দেখা যায় মুম্বই শহর এবং আরবসাগর। মানুষী জানিয়েছেন, তিনি অনেক সময় রাতে ঘরের আলো কমিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকেন। কখনও পাশে এসে বসেন মা-বাবা বা ভাই। আবার কখনও ফাঁকা দেওয়ালে কোন ছবি রাখা হবে, তা নিয়ে তর্কও চলে।

একাকিত্ব দূর করার সহজ সমাধান বেছে নিয়েছেন মানুষী।

একাকিত্ব দূর করার সহজ সমাধান বেছে নিয়েছেন মানুষী।

মাসখানেক হল এসেছেন নতুন বাড়িতে। এখনও পুরোপুরি সব সাজানো হয়ে ওঠেনি। দিল্লি থেকে মেয়ের অনুরোধে মুম্বইয়ে চলে আসা পরিবার ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে। আর এই সব কিছুর মধ্যেই মনে মনে নিঃসঙ্গতা কেটে যাচ্ছে মানুষীর।

Advertisement
আরও পড়ুন