Delulu Dating

শাহরুখ খানের ‘কুর্সী’ কৌশলই কি এ যুগের ডেলুলু ডেটিং? কী রকম প্রেমে মজেছে নতুন প্রজন্ম?

দুনিয়ায় সারা দিন নানা কাণ্ড ঘটছে। তার মধ্যে কিছু কিছু বিষয় যখন সমাজমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে, তখন তাকে বলা হয় ‘ট্রেন্ডিং’। ডেলুলু ডেটিং আপাতত সম্পর্ক নিয়ে আলোচনায় খুব ট্রেন্ডিং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৪৯
ডেটিং যখন ‘ডেলুলু’!

ডেটিং যখন ‘ডেলুলু’! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যাঁকে দেখলে মহিলামহলের হৃৎস্পন্দন বার কয়েক ফসকে যায় সেই শাহরুখ খান পরামর্শ দিচ্ছেন হৃদয় দেওয়া-নেওয়ার। বলছেন, ‘যাকে তাকে জীবনে আনবে কেন? চেয়ার কিনতে যাও যখন, তখন কি যে কোনও একটা উপর থেকে দেখে কিনে নাও? নাকি বসে দেখ? পছন্দ না হলে আরও একটা অন্য রকম চেয়ারেও বসতে যাও। সেটাও ভাল না লাগলে আর একটাতে যাও তো! সম্পর্কের ক্ষেত্রেই বা তা করবে না কেন! কোন চেয়ারে বসলে আরাম হবে, সেটা বেছে নেওয়ার জন্য তো কয়েকটা চেয়ারে বসে দেখতেই হবে। আবার পছন্দ না হলে উঠেও যেতে হবে!’ ডেলুলু ডেটিংয়ের সার কথা সেটাই। তবে তাতে কিছুটা এ প্রজন্মের জেন জ়ি সুলভ মোচড় আছে। ডেলুলু ডেটিং তাদেরই তৈরি করা প্রেম-প্রতিশব্দ।

Advertisement

দুনিয়ায় সারা দিন নানা কাণ্ড ঘটছে। তার মধ্যে কিছু কিছু বিষয় যখন সমাজমাধ্যমে নানা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে, তখন তাকে বলা হয় ‘ট্রেন্ডিং’। ডেলুলু ডেটিং আপাতত সম্পর্ক নিয়ে আলোচনায় খুবই ট্রেন্ডিং।

বিষয়টি সহজ করে বলতে হলে একটু উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ধরা যাক এক্স এবং ওয়াইয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ভাঙল। ওয়াই সেই ঘটনায় ভেঙে পড়ল। কেঁদেকেটে দিনের পর দিন কাটল তার। প্রিয়বন্ধু, পরিবার পরিজন, বুঝদার সহকর্মীদের পাশে পেয়ে বছর খানেক ধরে ধীরে ধীরে সেরে উঠল। তার পরে প্রস্তুত হতে পারল পরের সম্পর্কের জন্য। বা হয়তো ঢের হয়েছে বলে সঙ্গী খোঁজাতেই ইতি টানল। অন্য দিকে, এক্স নিজেকে গোছাতে কান্নাকাটির দিকেই গেল না। সে আবার কারও সঙ্গে সম্পর্কে জড়ালো। যে সম্পর্কে কোনও বিশেষ কিছু পাওয়ার, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোনোর আশা নেই। তাই হতাশাও নেই। ফলে নেই সমস্যা। নেই আগাম সমস্যার কথা ভেবে আগে থেকে নিজেকে তৈরি করার মানসিক জটিলতাও।

মিলেনিয়ালেরা এ ধরনের সম্পর্কের নাম দিয়েছিল ‘রিবাউন্ড’। জেন জ়ি ধারণাটা আরও একটু বদলে নাম দিয়েছে ডেলুলু ডেটিং। বদলটা কোথা? তাদের কাছে ওই নতুন সম্পর্ক প্রেম নয়, কোনও সম্পর্কও নয়। শুধু বাঁধনহীন আলগা সুতোয় জুড়ে দু’টি মানুষের এগোতে থাকা। যেখানে কখনওই চিরবিদায় জানানোর বেদনা নেই। বদলে আছে ‘যেমন চলছে চলুক’ নীতি। হাজারো নেতিবাচক বিষয়কে দেখেও না দেখার ভান করে শুধুই ভালটুকুকে পাখির চোখ করে হাত ধরে থাকা। একটি অন্য মানুষের কাছে নিজেকে মেলতে পারার সাহস দেখানো আর সেই সঙ্গে ভাল থাকার ডিলিউশন বা ভ্রান্তিবিলাস। ক্ষতি তো হচ্ছে না কারও! এই ভাবনা থেকেই এগিয়ে যাওয়া।

তবে এ ধরনের ভ্রান্তপ্রেমের বিলাস তাঁদের জন্য নয়, যাঁরা আগাপাশতলা রোম্যান্টিক। কারণ, সে ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার সুযোগ আছে। এই বিলাসিতায় তাঁরাই গা ভাসাতে পারবেন, যাঁরা ‘ডিয়র জ়িন্দগী’ ছবির মনোবিদ জাহাঙ্গির খান রূপী শাহরুখের নীতিতে বিশ্বাসী। যাঁরা ‘পারফেক্ট’ জীবনসঙ্গীর খোঁজে ‘কুর্সী’তে বসে বসে দেখছেন এবং উঠে যাচ্ছেন। ডেলুলু ডেটিং হতে পারে তাঁদের সঙ্গী খোঁজার সোজাসাপটা রাস্তা।

Advertisement
আরও পড়ুন