বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফ্ট কী ভাবে ফুলকপি রাঁধেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তিনি গান গেয়ে বিশ্ব মাতান, তিনি রাঁধতেও জানেন। হেঁশেল সামলাতে সিদ্ধহস্ত। প্রেমিক ট্রাভিস কেলসির সঙ্গে সংসার পেতেছেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফ্ট। বিয়ের পর ট্রাভিস-টেলরের সংসার কেমন হবে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। টেলর অবশ্য জানিয়েছেন, তিনি একজন পাকা রাঁধুনী। পছন্দ করেন ভারতীয় রান্না। দই, ধনে-জিরে গুঁড়ো দিয়ে ঠিক ভারতীয় প্রণালীতে ফুলকপি রেঁধে বন্ধুদের খাওয়ান। তাঁর হাতের রান্না খেয়ে ট্রাভিস কেলসিও নাকি ভারতীয় খাবারের প্রেমে পড়েছেন। চিকেন টিক্কা, চিকেন বাটার মশলা ও নানা রকম সব্জি দিয়ে রাঁধা তরকারি টেলর এবং ট্রাভিসের বিশেষ পছন্দের খাবার। তা নিজের হাতে রাঁধতেও জানেন পপ তারকা।
টেলরের বন্ধুদের মধ্যে অনেকেই নিরামিষ খান। তাঁরা বাড়িতে এলে টেলর রোস্টেড ফুলকপি রান্না করেন। আরও নানা রকম নিরামিষ সব্জিও রাঁধেন। ভারতীয় রন্ধনপ্রণালী পছন্দ হলেও, ঝালটা অবশ্য কমই খান টেলর ও তাঁর আমেরিকান ফুটবলার স্বামী ট্রাভিস। কাঁচালঙ্কা বিশেষ ঢোকে না তাঁর হেঁশেলে। বদলে প্যাপরিকা দিয়েই কাজ চালিয়ে নেন।
কেমন করে ফুলকপি রাঁধেন টেলর?
প্রথমে ফুলকপি ছোট ছোট টুকরো করে ভাল করে ধুয়ে ম্যারিনেট করে নেন। অলিভ অয়েলেই বেশি রান্না করেন টেলর। ফুলকপির টুকরোতে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, প্যাপরিকা, সামান্য হলুদগুঁড়ো, নুন, গোলমরিচ ও অলিভ অয়েল মাখিয়ে রেখে দেন।
এর পর দইয়ের সস বানিয়ে নেন। রান্নায় কখনও দোকান থেকে কেনা ক্রিম বা মেয়োনিজ় ব্যবহার করেন না পপ তারকা। বদলে বাড়িতেই দই ফেটিয়ে বানিয়ে নেন সস। টেলর জানিয়েছেন, টক দইয়ের সঙ্গে রসুনকুচি, লেবুর রস, সামান্য জিরেগুঁড়ো এবং গোলমরিচ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিলেই তা ক্রিমের মতো হয়ে যায়।
এর পর রোস্ট করার পালা। মশলা মাখানো ফুলকপিগুলিকে অভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট বেক বা রোস্ট করা হয়, যতক্ষণ না বাইরেটা মুচমুচে হচ্ছে। এর পর প্লেটে দইয়ের সস ঢেলে তার উপরে রোস্টেড ফুলকপিগুলি রেখে খানিকটা ধনেপাতাকুচি ও ভাজা চিনেবাদাম ছড়িয়ে পরিবেশন করেন।
ট্রাভিস কেলসি তাঁর নিজের একটি পডকাস্টে জানিয়েছিলেন, টেলরের কারণেই চেনাজানা খাবারের বাইরে ভিন্দেশের খাবারও তিনি চেখে দেখেছেন। এর মধ্যে ভারতীয় খাবারই বেশি মনে ধরেছে তাঁর। বিশেষ করে গরম গরম গার্লিক নানের সঙ্গে চিকেন বাটার মশলা খুবই পছন্দ আমেরিকান ফুটবলারের। ফাইবার ও প্রোটিনে ভরপুর ভারতের নানা ডাল ও তরকারিও খেতে ভালবাসেন তাঁরা।