গেটে পুরনো অশ্বত্থ গাছ, সবুজে ঘেরা এই বাড়িতেই গৌরীকে বিয়ে করছেন আমির। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনয় নিয়ে যেমন খুঁতখুঁতে, বাড়ি সাজানো নিয়ে ততটাই নিখুঁত। আর পাঁচজন তারকার মতো তাঁর বাড়িতে এলাহি সব আসবাব, বিশাল ঝাড়লণ্ঠন নেই। একেবারেই সাদামাঠা ভাবে সাজানো বাড়িটি সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। ভিতরের সাজসজ্জাতেও প্রকৃতির ছাপ স্পষ্ট। এই বাড়িতেই গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন আমির। কেমন ভাবে সাজবে বিয়েবাড়ি?
বলিউডের সুপারস্টার মানেই প্রাসাদোপম বাংলোর কথাই মাথায় আসে। শাহরুখের মন্নত হোক বা অমিতাভের জলসা, রাজকীয় ভাবেই সাজানো। তবে আমিরের বাড়ি তেমন নয়। বান্দ্রার ‘বেলা ভিস্তা’ এবং ‘মেরিনা অ্যাপার্টমেন্ট’ নিয়ে তাঁর বাড়ি। জায়গা বিশাল। পুরোটাই সবুজে ঘেরা। মনে হবে চারদিকের ইট-কাঠ-পাথরের মাঝে কোনও সবুজ মরূদ্যানে প্রবেশ করেছেন। আমির অন্তত তেমনটাই মনে করেন।
বান্দ্রায় ৭০ কোটির বাড়ি গাছপালা দিয়েই সাজিয়েছেন আমির।
বারান্দায় বসে কেটে যায় সময়, আমির বলেন তাঁর এই বাড়িতে বসে মনে হয় খান্ডালার হিল স্টেশনে রয়েছেন।
আমিরের কথায়, বান্দ্রার এই বাড়িতে ঢুকলে মনে হবে খান্ডালার কোনও পাহাড়ি জায়গায় চলে এসেছেন। জানলা দিয়ে গাছপালা দেখেই সময় কেটে যাবে। তবে সাধারণ মনে হলেও বাড়িটির মূল্য কিন্তু খুব কম নয়। বান্দ্রার অভিজাত এলাকায় আমিরের এমন সবুজ বাগিচা ঘেরা বাড়ির দাম কম করেও ৭০ কোটি টাকা।
ছিমছাপ সাজ, কোনও জাঁকজমক নেই।
বান্দ্রার এই বাড়িতে মা ও গোটা পরিবারের সঙ্গে থাকেন আমির। বাড়ির মূল আকর্ষণ হল বহু পুরনো এক অশ্বত্থ গাছ। আমিরের ভাই ফয়জ়ল খানের জন্মের সময়ে এই গাছটি রোপণ করেন তাঁর মা। আমির কৌতুকভরে বলেন, গাছটি তাঁর থেকে মাত্র এক বছরের ছোট।
ঘরের যাবতীয় আসবাব কাঠের তৈরি। বাড়ির সকলে মিলে বসে সিনেমা দেখার আলাদা ব্যবস্থাও আছে।
বাড়ির বারান্দায় বসে নানা প্রকারের লতা-গুল্ম দেখা যায়। আমির জানিয়েছেন, সকাল থেকে পাখির কলতানে ভরে ওঠে গোটা বাড়ি। বারান্দায় বসেই সময় কেটে যায় তাঁর।
বাড়ির মেঝেতে রয়েছে টেরাকোটা বা পোড়ামাটির তৈরি টাইলস। বসার ঘর ও খাওয়ার ঘরও নানা রকম গাছ দিয়ে সাজানো। দেওয়ালজুড়ে রয়েছে নানা ধরনের শিল্পকর্ম। দুষ্প্রাপ্য কিছু ছবিও রয়েছে তাঁর সংগ্রহে।
ঘরের যাবতীয় আসবাব কাঠের তৈরি। বাড়ির সকলে মিলে বসে সিনেমা দেখার আলাদা ব্যবস্থাও আছে। আছে ছোট হোম থিয়েটারও। বিনোদন কক্ষের সঙ্গেও জোড়া রয়েছে বারান্দা, যেখানে রয়েছে প্রচুর গাছগাছালি। আমির মনে করেন, প্রকৃতির কাছাকাছি থাকাতেই মনের শান্তি। তাই তাঁর বাড়ির অন্দরসাজ রাজকীয় নয়। বরং শান্ত-স্নিগ্ধ প্রকৃতির কোলেই তাঁর আশ্রয়।