Whatsapp Subscription

হোয়াট্‌সঅ্যাপে চ্যাট করতেও কি পয়সা খরচ করতে হবে? নতুন কী ফিচার আসতে চলেছে?

হোয়াট্‌সঅ্যাপ এতদিন বিনামূল্যেই ব্যবহার করছিলেন। এ বার গাঁটের কড়ি খসালে আরও কিছু বাড়তি সুবিধা পাবেন। এই প্রথম বার হোয়াট্‌সঅ্যাপেও ‘সাবস্ক্রিপশন’ মডেল নিয়ে আসছে মেটা। কী সুবিধা হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৪:৪৪
WhatsApp is preparing to launch an optional paid subscription offering premium features

হোয়াট্সঅ্যাপেও আসছে ‘সাবস্ক্রিপশন’। ফাইল চিত্র।

হোয়াট্‌সঅ্যাপে খুব তাড়াতাড়ি বড়সড় বদল আনতে চলেছে মেটা। অন্যান্য অ্যাপের মতো এই মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গেও জুড়ে যাবে ‘সাবস্ক্রিপশন’ মডেল। অর্থাৎ, গাঁটের কড়ি খসালে কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। যাঁরা পয়সা খরচ করে ‘সাবস্ক্রিপশন’ কিনবেন, তাঁদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসবে মেটা। তবে খরচ করতে না চাইলে চিন্তা নেই। আগের মতোই হোয়াট্‌সঅ্যাপ ব্যবহার করা যাবে।

Advertisement

হোয়াট্‌সঅ্যাপেও ‘সাবস্ক্রিপশন’ আনা হবে, এমন খবর আগেই জানা গিয়েছিল। মেটা জানিয়েছিল, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪.৮ ভার্সনে এই ফিচারটি নিয়ে আসার চেষ্টা চলছে। যদিও ‘সাবস্ক্রিপশন’ মডেল আপাতত পরীক্ষা- নিরীক্ষার পর্যায়েই রয়েছে। তবে এটি চলে এলে হোয়াট্‌সঅ্যাপের রূপই বদলে যাবে বলে মনে করছেন গ্রাহকেরা।

কেন এই ‘সাবস্ক্রিপশন’-এর ভাবনা?

হোয়াট্‌সঅ্যাপ শুধু ব্যক্তিগত চ্যাট বা কল করার জায়গা নয়। এই মেসেজিং প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অনেক পেশাগত কাজও করা হয়। এমনকি, এখন অনেক চাকরি বা ব্যবসায়িক ক্ষেত্রেও হোয়াট্‌সঅ্যাপের ব্যবহার হয়। তাই সে ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও কিছু সুবিধা দিতেই এই ভাবনা।

কী কী সুবিধা পাওয়া যাবে? বর্তমানে একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ ৪টি ডিভাইস লিঙ্ক করা যায়। টাকা খরচ করলে সর্বোচ্চ ১০টি ডিভাইস যোগ করা যাবে। ব্যবসার ক্ষেত্রে বা পেশাগত যে কোনও কাজের ক্ষেত্রেই তা সুবিধাজনক হবে।

ব্যবসায়িক অ্যাকাউন্টে একাধিক কর্মী থাকলে, কোন চ্যাট কোন কর্মী সামলাবেন, তা নির্দিষ্ট করে দেওয়া যাবে। এতে গ্রাহক পরিষেবা অনেক দ্রুত হবে।

সাবস্ক্রিপশন নিলে নামের পাশে সেই কাঙ্ক্ষিত ‘ব্লু টিক’ পাওয়া যাবে, যা ভুয়ো প্রোফাইল থেকে বাঁচাবে।

যে সব ছোট ব্যবসায়ী ই-কমার্স সাইট বা আলাদা অ্যাপ বানাতে পারছেন না, তাঁদের জন্য হোয়াট্‌সঅ্যাপের ‘সাবস্ক্রিপশন’ মডেল অনেক বেশি সুবিধা নিয়ে আসবে।

তা ছাড়া ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রেও কিছু নতুন সুবিধা পাওয়া যাবে, যেমন— একসঙ্গে ৩টি চ্যাট ‘পিন টু টপ’ করা যাবে। নতুন নতুন চ্যাটের রিংটোন পাওয়া যাবে। নিজের পছন্দের স্টিকার ও অ্যাপ থিমও সেট করা যাবে।

‘সাবস্ক্রিপশন’ পুরোপুরি ঐচ্ছিক পরিষেবা। সকলকে টাকা দিতে বাধ্য করা হচ্ছে না। যদি হোয়াট্‌সঅ্যাপকে কাজে লাগিয়ে নিজের পেশাগত ক্ষেত্রের পরিসর আরও বাড়িয়ে তুলতে চান, তা হলে এই মডেল কাজে আসবে।

Advertisement
আরও পড়ুন