Phone Off or Reboot

সুইচ অফ না কি রিস্টার্ট! ফোন যদি হঠাৎ কাজ না করে তবে কোন পথটি বেছে নেবেন?

ফোন হঠাৎ ধীর গতিতে চলছে, অ্যাপ বার বার আটকে যাচ্ছে বা ব্যাটারি কমে যাচ্ছে দ্রুত, এমন সময়ে অনেকে দ্বিধায় পড়েন, ফোন বন্ধ করবেন না কি শুধু রিস্টার্ট? কী ভাবে বুঝবেন কোনটিতে উপকার বেশি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২১:০৫
ফোন অফ না কি রিবুট, কোনটি কার্যকরী?

ফোন অফ না কি রিবুট, কোনটি কার্যকরী? ছবি: সংগৃহীত।

বিশ্রামই সুস্থতার চাবিকাঠি। মানব শরীরের এই সত্য কিন্তু যন্ত্রের জন্যও কার্যকরী। যন্ত্র যদি সারাটা দিন, একনাগাড়ে চলতেই থাকে, তা হলে তার কর্মক্ষমতা কমে আসতে পারে। ঠিক মানুষের স্বাস্থ্যের মতোই। তাই বিশ্রাম খুবই জরুরি। আপনার মতো, আপনার ফোনেরও। কিন্তু প্রশ্ন উঠতে পারে, বিশ্রামের জন্য কোনটি বেশি উপকারী? ফোন অফ করে দেওয়া না কি রিস্টার্ট করা? কোন মাধ্যমে বিশ্রাম নিলে ফোনের স্বাস্থ্য ভাল থাকে?

Advertisement

ফোন হঠাৎ ধীর গতিতে চলছে, অ্যাপ বার বার আটকে যাচ্ছে বা ব্যাটারি কমে যাচ্ছে দ্রুত, এমন সময়ে অনেকে দ্বিধায় পড়েন, ফোন বন্ধ করবেন না কি শুধু রিস্টার্ট? এই সিদ্ধান্ত ছোট মনে হলেও, এর নেপথ্যে রয়েছে প্রযুক্তিগত বিজ্ঞান। ফোন অফ করা আর রিস্টার্ট করার মধ্যে কী পার্থক্য রয়েছে, সেটি আগে জানতে হবে।

ফোনের স্বাস্থ্য ভাল রাখতে কী করবেন?

ফোনের স্বাস্থ্য ভাল রাখতে কী করবেন? ছবি: সংগৃহীত

‘পাওয়ার অফ’ আর ‘রিস্টার্ট’— দুই ক্ষেত্রেই ফোনে চলতে থাকা ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলি বন্ধ হয়ে যায়, র‌্যাম পরিষ্কার হয়, ব্যাকগ্রাউন্ডের অস্থায়ী ফাইলগুলি মুছে যায় এবং সিস্টেম নতুন করে চালু হওয়ার সুযোগ পায়। কিন্তু পার্থক্য একটাই, রিস্টার্ট করলে ফোন নিজে থেকেই আবার চালু হয়ে যায়, ও দিকে পাওয়ার অফ করলে সেটি বন্ধই থাকে যত ক্ষণ না আপনি নিজে চালু করছেন। কিন্তু ফোনের উপকার কোনটিতে বেশি?

বেশির ভাগ ক্ষেত্রে রিস্টার্টই বেশি কার্যকর। কারণ, কম সময়ের মধ্যে ফোনকে সুস্থ করে তোলে এই ধাপটি। অ্যাপ ক্র্যাশ, সফ্‌টওয়্যারের ছোটখাটো সমস্যা বা স্লো হয়ে যাওয়া— এ সবের দ্রুত সমাধান হিসাবে রিস্টার্টই ভাল। অনেকের ধারণা, ফোন পুরোপুরি বন্ধ করলে না কি বেশি ভাল করে সুস্থ হয় ফোন। কিন্তু প্রযুক্তিবিদেরা বলছেন, এর কোনও প্রমাণ নেই। পাওয়ার অফ করলে যতটা কাজ হয়, রিস্টার্ট করলেও ততটাই কাজ হয়। বরং, রিস্টার্ট করতে সময় কম লাগে এবং সুবিধাজনকও। আর তাই নতুন ফোন কেনার পরই দোকানের পেশাদারেরা পরামর্শ দেন, রোজ অন্তত এক বার করে রিস্টার্ট বা রিবুট করে নিতে। কারণ এতে ফোনের মেয়াদ বাড়তে পারে। মাঝে মধ্যে ফোন রিস্টার্ট করলে জমে থাকা অস্থায়ী ফাইল দূর হয় এবং পুরনো ফোনও তুলনায় মসৃণ ভাবে চলতে পারে। ব্যাটারি বাঁচানোর জন্যও অনেকে ফোন বন্ধ করে রাখেন। এতে কিছুটা ব্যাটারি সাশ্রয় হয় ঠিকই, কিন্তু তা খুব বেশি নয়। তার চেয়ে বরং স্লিপ মোড-এ রেখে দিলে ব্যাটারি বেশি বাঁচে।

তবে কিছু পরিস্থিতিতে ফোন পুরোপুরি বন্ধ করাই ভাল। যেমন, ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ফোন অফ করে রাখুন। গেম খেলতে খেলতে বা ভারী কাজ করতে করতে অথবা রোদে দীর্ঘ ক্ষণ ব্যবহার করার ফলে যদি ফোনের ভিতরের যন্ত্রাংশে চাপ পড়ে, তখন শুধু রিস্টার্ট করলে চলে না। ফোন বন্ধ রাখলে সেই চাপ কমতে পারে এবং ডিভাইস দ্রুত ঠান্ডা হতে পারে। তা ছাড়া, ফোন যখন কোনও ভাবেই কাজ করে না বা হ্যাং হয়ে যায়, তখন রিস্টার্টের বদলে খানিক ক্ষণ ফোন অফ করে দেওয়া ভাল।

সুতরাং দু’টি অপশনই গুরুত্বপূর্ণ। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সুইচ অফ না করে রিস্টার্ট করলে উপকার বেশি।

Advertisement
আরও পড়ুন