Viral Video

মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বস্তার ঘায়ে পড়ে গিয়ে বন্ধ হল হৃদ্‌যন্ত্র, ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্কুটারে চেপে ফোন ছিনতাই করে পালাচ্ছেন দু’জন তরুণ। উল্টো দিক থেকে আসা এক ব্যক্তি তাঁর মাথায় থাকা একটি ভারী বস্তা স্কুটারটিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। স্কুটারটি উল্টে যেতেই ছিনতাইকারীরা মাটিতে পড়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৬:১৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মোবাইল চুরি করতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন ছিনতাইকারী। এক পথচারীর উপস্থিতবুদ্ধিতে মোবাইল ছিনতাইয়ের পরিকল্পনা ভেস্তে যায়। ধরা পড়ার ভয়ে পালাতে গিয়ে হৃদ‌্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক অভিযুক্তের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বেঙ্গালুরুতে ১৮ বছর বয়সি মোবাইল ছিনতাইয়ে জড়়িত সন্দেহভাজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাঁর ২৩ বছর বয়সি সহযোগী গ্রেফতার হয়েছেন। ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি স্কুটারে চেপে ফোন ছিনতাই করে পালাচ্ছেন দু’জন তরুণ। উল্টো দিক থেকে আসা এক ব্যক্তি তাঁর মাথায় থাকা ভারী বস্তা বাইকটিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। স্কুটারটি উল্টে যেতেই ছিনতাইকারীরা মাটিতে পড়ে যান। ধরা পড়ার ভয়ে তাঁরা দৌড়তে শুরু করেন। ঘটনাটি ঘটেছিল ১৬ জুন, সন্ধ্যায়। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, পেশায় আইনজীবী বাসবরাজু এম কাবনপেটের রাস্তায় তাঁর ফোন ঘাঁটছিলেন, এমন সময় স্কুটারে থাকা দুই যুবক তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। বাসবরাজু চিৎকার করে তাঁদের পিছু ধাওয়া করেন। এরই মধ্যে, সেখানে উপস্থিত এক শ্রমিক তাড়াহুড়ো করে তাঁদের দিকে একটি বস্তা ছুড়ে মারেন। বস্তাটি স্কুটারের গায়ে লাগতেই তাঁরা ভারসাম্য হারিয়ে পড়ে যান। ছিনিয়ে নেওয়া ফোনটি সেখানেই পড়ে যায়। দু’জনেই স্কুটারটি ফেলে চম্পট দেওয়ার চেষ্টা করেন। প্রায় ২৫০ মিটার দৌড়োনোর পর এক তরুণ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত তরুণের হৃদ্‌রোগের ইতিহাস ছিল এবং তাঁর হৃদ‌্‌যন্ত্রে স্টেন্ট বসানো ছিল বলে জানা গিয়েছে।

ভিডিয়োটি ‘মিথিলাওয়ালা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে যা লেখা হয়েছে তা দেখে বহু নেটাগরিকই প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগ দর্শকই বস্তা ছুড়ে ছিনতাইবাজদের আটকে দেওয়ার জন্য শ্রমিকের প্রশংসা করছেন। আবার কেউ কেউ এটিকে ‘কর্মফল’ বলে অভিহিত করছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘যে ব্যক্তি বস্তাটি ছুড়ে দিলেন তাঁকে জাতীয় বীরত্ব পুরস্কার দেওয়া উচিত। এটা তাৎক্ষণিক কর্মফল।’’ অন্য এক নেটাগরিক বলেছেন, ‘‘বেশির ভাগ ক্ষেত্রে যদি অপরাধীদের সঙ্গে এমনটা ঘটে, তা হলে কর্মফলের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে!’’

Advertisement
আরও পড়ুন