কোথায় খুলেছে এআই ডেটিং ক্যাফে। ছবি: সংগৃহীত।
ভালোবাসার দিনে কি আর একা থাকতে মন চায়? কল্পনা করুন, কফির টেবিলে আপনার ঠিক উল্টো দিকেই বসে আছেন এমন একজন, ঠিক যেমনটি আপনি চেয়েছিলেন মনে মনে। তিনি আপনারই কথা শুনবেন, আপনাকে সঙ্গ দেবেন, ঠিক যেমন ভাবে চান, তেমন ভাবেই কথা বলবেন। এমনই কারও সঙ্গে যদি ডেটে যেতে হয়, তা হলে সে ব্যবস্থা রয়েছে। এখন আর মনের মতো সঙ্গীর জন্য ‘কুমোরটুলিতে অর্ডার দে’ গোছের কথা শুনতে হবে না। বাস্তবেই তা সম্ভব। আপন ফ্যান্টাসি অনুযায়ী গড়ে নেওয়া যাবে প্রেমিক বা প্রেমিকাকে। তাঁর সঙ্গে ডেটেও যাওয়া যাবে। নিউ ইয়র্কে তেমনই এক ডেটিং ক্যাফে খুলেছে, যেখানে এআই-প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ডেট করতে পারবেন আপনি।
বিশ্বের প্রথম এই এআই ডেটিং ক্যাফেটি খুলছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। নাম দেওয়া হয়েছে ‘ইভা ক্যাফে’। যদিও আপাতত ভালবাসার দিনের জন্যই ক্যাফেটি খোলা হয়েছে। তবে যদি বহু মানুষ এআই-এর সঙ্গে ডেটে যেতে আগ্রহী হন, তা হলে পাকাপাকি বন্দোবস্ত করে রাজি ক্যাফের কর্ণধারেরা। ভ্যালেন্টাইনস ডে-কে সামনে রেখে ১১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ক্যাফেটি।
সাধারণ ক্যাফের মতো এখানে জোড়ায় জোড়ায় বসার টেবিল নেই। ক্যাফেটির পরিবেশ এবং সাজসজ্জা কিছুটা ভিন্ন। প্রতিটি টেবিল এক জনের জন্যই ডিজাইন করা। উল্টো দিকে বসানো থাকবে একটি ফোন স্ট্যান্ড। সেখানেই রাখা হবে আপনার এআই সঙ্গীকে। ঠিক যেমন প্রেমিক বা প্রেমিকা চান, তেমন ভাবেই গড়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু ইভা এআই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এর পরেই এআই চ্যাটবট আপনার মনের মতো করেই কথা বলা শুরু করবে। ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ ব্যবহার করে ভাষার স্বচ্ছতা ও আবেগ শেখানো হয়েছে এআইকে। আপনি চাইলে চ্যাটবট ফ্লার্ট করবে, চাইলে হালকা বন্ধুত্ব, চাইলে আপনার দুঃখে মলমও লাগাবে। ক্যাফের নিবু নিবু আলো, ছিমছাম রোম্যান্টিক পরিবেশ ও এআই-সঙ্গীর আবেগঘন কথাবার্তায় ভালবাসার দিনের ডেট জমে যাবে।
নিউ ইয়র্কের ওই ক্যাফে অবশ্য জানিয়েছে, এটি নিছক ভ্যালেন্টাইন’স ডে-র চমক নয়। মানুষজনের একাকিত্ব কাটানোর এক প্রচেষ্টা। এআই বুঝতে পারে বেশির ভাগ ভাষা। তার অ্যালগরিদ্মে এমন ডেটা দেওয়া আছে, যে সে বুঝে নিতে পারে না বলা অনেক কথাও। মানবমনের অলিগলি খুঁজে বার করে আনে অনেক গোপন তথ্য। তৈরি করতে পারে এমন এক ভার্চুয়াল প্রেমের দুনিয়া যেখানে কোনও বাঁধন নেই, প্রতিশ্রুতিও নেই। আছে শুধু নির্ভেজাল প্রেমে ভেসে যাওয়া। একাকিত্ব ঘোচাতে যাঁরা এমন প্রেম চাইছেন, তাঁদের জন্যই এই উদ্যোগ।